ভারতে ৫০ একর জমি চায় বিজিএমইএ
ভারতে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি বাড়াতে একটি বড় আকারের ওয়্যারহাউজ স্থাপনে নরেদ্র মোদীর কাছে ৫০ একর জমি চেয়েছেন এ খাতের উদ্যোক্তারা।
রোববার দুপুরে রাজধানীর সোনারগাঁও হোটেলে সফররত ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে এ অনুরোধ জানান তারা।
বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানিকারকদের শীর্ষ সংগঠন বিজিএমইএর এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ব্যবসায়ী শিল্পপতিদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই সভাপতি আবদুল মাতলুব আহমাদের নেতৃত্বে একটি প্রতিনিধিদল নরেদ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করেন।
প্রতিনিধিদলে অন্যদের মধ্যে বিজিএমইএ সভাপতি আতিকুল ইসলাম, এফবিসিসিআই সহ-সভাপতি সফিউল ইসলাম মহিউদ্দিন, ডিসিসিআই সভাপতি হোসেন খালেদ, এমসিসিআই সভাপতি সৈয়দ নাসিম মঞ্জুর, চট্রগ্রাম চেম্বারের সভাপতি মাহবুবুল আলম, ইন্দো-বাংলা চেম্বারের সভাপতি মোহাম্মদ আলী, বরিশাল চেম্বারের সভাপতি সাইদুর রহমান রিন্টুসহ বিভাগীর চেম্বারের সভাপতিরা উপস্থিত ছিলেন।
এ সময় বিজিএমইএ সভাপতি আতিকুল ইসলাম ভারতের প্রধানমন্ত্রীকে বিজিএমইএর অনুকূলে ৫০ একর জমি প্রদানের অনুরোধ জানান।
তিনি বলেন, এই জমি পেলে বাংলাদেশের পোশাক শিল্প মালিকরা ২৫ মিলিয়ন ডলার নিয়ে ভারতে একটি কোম্পানি গঠন করবে এবং সেখানে ভারতের বৃহত্তম ওয়্যারহাউজ ও ডিস্ট্রিবিউশন সেন্টার স্থাপন করবে।
এসব করা হলে দু দেশের মধ্যে বিদ্যমান বাণিজ্যিক ঘাটতি অনেকাংশে কমবে বলে আশা প্রকাশ করেন আতিকুল ইসলাম।
সাক্ষাৎকালে বিজিএমইএ সভাপতি বাংলাদেশের পোশাক রপ্তানির ক্ষেত্রে ভারত সরকার কর্তৃক আরোপিত কাউন্টারভেইলিং ডিউটি (সিভিডি) প্রত্যাহার এবং বাংলাদেশ থেকে বেশি বেশি তৈরি পোশাক আমদানির অনুরোধ জানালে ভারতের প্রধানমন্ত্রী তা বিবেচনার আশ্বাস দিয়েছেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
সাক্ষাতের শুরুতেই প্রতিনিধিদলের সদস্যরা দুই দেশের মধ্যকার দ্বি-পক্ষীয় বাণিজ্য, নিরাপত্তা, শিক্ষা, পরিবেশ, সীমান্ত ও বিনিয়োগসহ বিভিন্ন ইস্যুতে ১৯ চুক্তি, প্রটোকল ও সমঝোতা স্মারক স্বাক্ষর করার জন্য ভারতের প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।
এ সময় মাতলুব আহমাদ বলেন, এ সব প্রটোকল স্বাক্ষরের ফলে বাংলাদেশ ও ভারতের দ্বি-পক্ষীয় ব্যবসা ও বিনিয়োগ এক নতুন উচ্চতায় পৌঁছাবে। এর ফলে এখন থেকে বাংলাদেশের ব্যবসায়ীরা ভারতের যেকোনো স্থানে নির্বিঘেœ যেতে পারবেন। ব্যবসায়ীরা ভারত হয়ে নেপাল ও ভুটানেও যেতে পারবেন।
এতে করে ব্যবসার নতুন নতুন সুযোগ ও সম্ভাবনা সৃষ্টি হবে এবং দুই দেশের ব্যবসায়ীরা উপকৃত হবেন বলে অভিমত দেন মাতলুব।
