নেটওয়ার্ক ট্রান্সমিশন সেবা দিতে পারবে না বাংলাফোন
টেলিযোগযোগ নিয়ন্ত্রক সংস্থা-বিটিআরসি অপটিক্যাল ফাইবার নেটওয়ার্ক ট্রান্সমিশন ‘পারমিট’ নবায়ন না করায় আর এ সেবা দিতে পারবে না বাংলাফোন লিমিটেড।
বৃহস্পতিবার বিটিআরসির লিগ্যাল এ্যান্ড লাইসেন্স বিভাগের উপ-পরিচালক সাজেদা পারভীন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, “ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী ২০০৯ সালে ইস্যুকৃত অপটিক্যাল ফাইবার নেটওয়ার্ক ট্রান্সমিশন পারিমট নবায়ন না করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে, যা ইতিমধ্যে বাংলাফোনকে অবহিত করা হয়েছে।”
বাংলাফোন থেকে অপটিক্যাল ফাইবার নেটওয়ার্ক ট্রান্সমিশন সেবা গ্রহণকারী সব প্রতিষ্ঠানকে কমিশনের লাইসেন্সধারী ন্যাশনওয়াইড টেলিকমিউনিকেশন ট্রান্সমিশন নেটওয়ার্ক (এনটিটিএন) প্রতিষ্ঠান থেকে সেবা নিতে বলেছে বিটিআরসি।
২০০৯ সালে বাংলাফোনকে এই ‘পারমিট’ দেওয়ার পর ছয় দফায় তা নবায়ন করে বিটিআরসি। গত ২২ এপ্রিল পর্যন্ত বাংলাফোনের এই সেবা দেওয়ার সুযোগ ছিল।
এই পারমিটের আওতায় অর্জিত রাজস্বের ৫ দশমিক ৫ শতাংশ অর্থ বিস্তারিত তথ্যসহ কমিশনে জমা দেওয়ার জন্যও নির্দেশ দিয়েছে বিটিআরসি।
পারমিট নবায়ন না করার যুক্তি হিসেবে বিটিআরসির চিঠিতে বলা হয়, “আইন অনুযায়ী এনটিটিএন যেখানে রয়েছে সেখানে কোনো লাইসেন্সপ্রাপ্ত টেলিকম অপারেটর অপটিক্যাল ফাইবার নেটওয়ার্ক স্থাপন ভাড়া বা বিক্রি করতে পারবে না।
“কাজেই বর্তমান অবস্থার প্রেক্ষিতে সরকার অনুমোদিত এনটিটিএন গাইডলাইন ও ইসফ্রাস্ট্রাকচার গাইডলাইনের সাথে বাংলাফোনের পারমিটের শর্ত সাংঘর্ষিক।”
চিঠিতে বলা হয়, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইনের বিধান অনুযায়ী পারমিট ইস্যু বা নবায়নের ক্ষেত্রে সরকারের পূর্বানুমোদন গ্রহণের বাধ্যবাধকতা রয়েছে এবং এক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণের একক এখতিয়ার সরকারের।
টেলিযোগাযোগ সেবার ক্ষেত্রে বৈষম্যমূলক ব্যবস্থা প্রতিরোধ ও অবসান করার দায়িত্ব কমিশনের, সার্বিক বিষয় বিবেচনা করে সরকার আইনানুগভাবেই বাংলাফোনের আবেদনকৃত পারমিটের মেয়াদ বৃদ্ধি না করার সিদ্ধান্ত নিয়েছে বলে জানায় বিটিআরসি।
