২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে খোলা বাজারে তেল চিনি বিক্রি শুরু

রোজা সামনে রেখে বন্দরনগরী চট্টগ্রামে খোলা বাজারে চিনি, সয়াবিন তেল, মশুর ডাল ও ছোলা বিক্রি শুরু করেছে সরকারি বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jun 2015, 01:04 PM

Updated : 22 Aug 2022, 12:25 PM

বৃহস্পতিবার সকাল ৯টা থেকে নগরীতে ঘুরে ঘুরে ১০টি ট্রাকে করে এ সব পণ্য বিক্রি করছে সংস্থাটি।

টিসিবি চট্টগ্রামের আঞ্চলিক প্রধান মো. ইসমাইল মজুমদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ১০টি ট্রাক নগরীতে ঘুরে ঘুরে এসব পণ্য বিক্রি করবে। প্রথম ধাপে ১৬ জুন পর্যন্ত এসব পণ্য বিক্রি হবে। তবে রমজান মাসেও এ কার্যক্রম চলবে।

তিনি বলেন, “প্রতিদিন এসব ট্রাকে মোট পাঁচশ’ কেজি চিনি,  দুইশ’ কেজি মশুর ডাল, পাঁচশ’ কেজি ছোলা ও পাঁচশ’ লিটার তেল থাকবে। চিনি  ৩৭ টাকা, মশুর ডাল ১০৩ টাকা ও ছোলা ৫৩ টাকা কেজি দরে বিক্রি হবে। পাঁচ লিটারের সয়াবিন তেল বিক্রি হবে ৪৪০ টাকায়।”

টিসিবির নিত্য পণ্য বিক্রির এ কার্যক্রমে খেজুর বিক্রির কথা থাকলেও চট্টগ্রামে এখনো খেজুর এসে পৌঁছেনি বলে জানান ইসমাইল মজুমদার।

প্রথমদিন বৃহস্পতিবার নগরীর জামালখান, কোতোয়ালী, আন্দরকিল্লা, জেলা পরিষদ ভবনের সামনে, কাস্টমস মোড়, সল্টগোলা, ইপিজেড মোড়, বহদ্দারহাট বাস স্ট্যান্ড ও মুরাদপুর মোড়সহ ১০টি স্থানে পণ্য বিক্রি হচ্ছে।

টিসিবির ডিলার মো. আবদুল্লাহ বলেন, এবার পণ্যের মান মোটামুটি ভাল। তবে ক্রেতারা এখনো এ বিষয়ে জানেন না। হয়ত শনিবার থেকে বিক্রি কেমন তা বোঝা যাবে।

শুক্রবার ছাড়া সপ্তাহে বাকি ছয় দিন নগরীতে খোলা ট্রাকে এ পণ্য বিক্রি চলবে বলে জানান তিনি।

পুরনো খবর:

খোলা বাজারে তেল-ডাল ছাড়ছে টিসিবি