২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিদ্যুতের শেয়ারে ‘তেজি’ পুঁজিবাজার

পুঁজিবাজারে সুবাতাসের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন হাজার কোটি টাকা ছাড়ানোর দিনে লেনদেনে শীর্ষ দশ কোম্পানির সাতটিই বিদ্যুৎ ও জ্বালানি খাতের।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jun 2015, 08:39 PM

Updated : 12 Oct 2022, 03:44 PM

পুরনো খবর:

ডিএসইতে হাজার কোটি টাকা লেনদেন

এর মধ্যে দিনের মোট লেনদেনের সাড়ে ১৭ শতাংশই সামিট গ্রুপের তিন কোম্পানি কেপিসিএল, সামিট পাওয়ার ও সামিট পূর্বাচল পাওয়ারের।

অবশ্য ব্যাংক আমানতের সুদের হার কমানো এবং বাজেট ঘিরে প্রত্যাশার কারণেও বাজার চাঙ্গা হচ্ছে বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা।    

ডিএসইর সাবেক সভাপতি শাকিল রিজভী আশা করছেন, দেশের রাজনৈতিক পরিস্থিতি স্থিতিশীল থাকলে বাজারের এই চাঙ্গাভাবও অব্যাহত থাকবে।

সোমবার ডিএসইতে ১ হাজার ২ কোটি ৩৪ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে, যা গত সাড়ে সাত মাসের মধ্যে সর্বোচ্চ।

অথচ মে মাসের শুরুতেও এ বাজারে গড়ে ৩০০ কোটি টাকার নিচে লেনদেন হচ্ছিল।

৪ হাজার ৯৭০ পয়েন্ট নিয়ে বছর শুরু করা ডিএসইর সার্বিক সূচক ডিএসইএক্স গত ৪ মে নেমে এসেছিল ৩ হাজার ৯৬০ পয়েন্টে।

গত এক মাসে প্রায় ৬৬৪ পয়েন্ট বেড়ে সোমবার ডিএসইএক্স আবার ৪ হাজার ৬২৪ পয়েন্টে উঠে এসেছে।

শাকিল রিজভী বলেন, “এখন দেশের অর্থনৈতিক সূচকগুলো ভাল অবস্থায় আছে। রাজনৈতিক পরিস্থিতিও ভাল। ব্যাংক আমানতের সুদের হার কমানো হয়েছে। বাজেট সামনে নিয়ে বাজার বাড়ছে। রাজনৈতিক পরিস্থিতি স্থিতিশীল থাকলে পুঁজিবাজারও ভাল থাকবে।”

সরকার এর আগে সঞ্চয়পত্রের সুদহার কমানোর পর রোববার রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক সোনালী, জনতা, অগ্রণী, রূপালী ও বেসিক ব্যাংকের স্থায়ী আমানতের সুদহার দশমিক ৫০ শতাংশ পয়েন্ট পর্যন্ত কমিয়েছে। ১ জুন থেকেই নতুন এ সুদহার কার্যকর হবে।

ব্যাংক সুদহার কমানোয় অনেকেই আবার পুঁজিবাজারে ফিরতে আগ্রহী হচ্ছেন বলে মনে করছেন বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের (বিএমবিএ) সভাপতি মোহাম্মদ এ হাফিজ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “সুদের হার কমেছে এটা বাজারের জন্য ভাল। কিছু টাকা পুঁজিবাজারে আসবে।”

এর আগে গত ২৩ মে অর্থমন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ এক প্রজ্ঞাপণে পাঁচ ধরনের সঞ্চয়পত্রের সুদহার এক দশমিক ৯০ শতাংশ পয়েন্ট পর্যন্ত কমায়।

অবশ্য আইডিএলসি ইনভেস্টমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. মুনিরুজ্জামান অতোটা নিশ্চিত নন।

তিনি বলেন, “বাংলাদেশের পুঁজিবাজারে অর্থনীতির সূত্রগুলো সবসময় খাটে না। তাই বলা যায় না যে সুদের হার কমেছে বলেই বাজার বাড়বে। তবে অনেক শেয়ারর দাম কমেছে, বাড়ার অনেক সুযোগ আছে।”

বিদ্যুৎ ও জ্বালানি খাতের সাতটি কোম্পানি দিনের লেনদেনে শীর্ষ দশে থাকার বিষয়টি উল্লেখ করে মুনিরুজ্জামান বলেন, “এ খাতে নতুন কোনো তথ্য নেই। কিন্তু শেয়ারের দাম পরে ছিল, তাই বিনিয়োগকারীরা হয়ত এদিকে আসছে।”

টাকার অংকে এদিন লেনদেনে থাকা প্রধান ১০টি কোম্পানি হলো- কেপিসিএল, সামিট পাওয়ার, গ্রামীণ ফোন, বেক্সিমকো লিমিটেড, সাইফ পাওয়ার, বারাকা পাওয়ার, সামিট পূর্বাচল পাওয়ার, ইউনাইটেড পাওয়ার, লাফার্জ সুরমা সিমেন্ট ও এমজেএল।

এর মধ্যে গ্রামীণ ফোন, বেক্সিমকো লিমিটেড ও লাফার্জ সুরমা সিমেন্ট ছাড়া সবগুলোই জ্বালানি খাতের কোম্পানি। গত সপ্তাহেও এ খাত লেনদেনের শীর্ষে ছিল।

দিনের লেনদেনে প্রথম ও দ্বিতীয় স্থানে থাকা কেপিসিএল ও সামিট পাওয়ারের মোট ১৫১ কোটি ৩৬ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে এদিন, যা মোট লেনদেনের ১৫ দশমিক ১০ শতাংশ।

একই গ্রুপের সামিট পূর্বাচল পাওয়ারের ২৩ কোটি ৬১ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে এদিন।

ডিএসইর তথ্য অনুযায়ী, সোমবার কেপিসিএল বা খুলনা পাওয়ারের ১ কোটি ১৭ লাখ,  সামিট পাওয়ারের ১ কোটি ১০ লাখ এবং সামিট পূর্বাচলের ৩৫ লাখ ৭৪ হাজার শেয়ার হাতবদল হয়েছে।

রেকর্ড ডেটের পর এদিনই প্রথম লেনদেন হওয়া কেপিসিএলের শেয়ারের দর সোমবার ১ টাকা ১০ পয়সা বা ১ দশমিক ৩০ শতাংশ কমেছে।  শেয়ারটির লেনদেন শেষ হয়েছে ৮৩ টাকা ৩০ পয়সায়।

৪০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণার পর গত সপ্তাহের শেষ দিন বৃহস্পতিবার ছিল এ কোম্পানির রেকর্ড ডেট।

সাধারণত লভ্যাংশ সমন্বয় হওয়ার পর কোম্পানির শেয়ারে বড় দরপতন দেখা গেলেও কেপিসিএলের ক্ষেত্রে তেমনটি ঘটেনি।

একই গ্রুপের সামিট পাওয়ারের শেয়ারের দর এদিন ২ টাকা ৩০ পয়সা বা ৫ দশমিক ৬৫ শতাংশ বেড়েছে। শেয়ারটি সর্বশেষ লেনদেন হয় ৪৩ টাকা দরে।

বাজার বিশ্লেষকরা বলছেন, এ দুই কোম্পানি গত বছর ভালো মুনাফা করেছে এবং বিনিয়োগকারীদের আকর্ষণীয় লভ্যাংশ দিয়েছে। এছাড়া প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) খুলনা পাওয়ারের ভাল ইপিএস আসতে পারে বলেও বিনিয়োগকারীরা আশা করছেন।

সামিট গ্রুপ সম্প্রতি বিদ্যুৎ খাতে আরও ১ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা দেওয়ায় এ গ্রুপের শেয়ারে বিনিয়োগকারীদের আগ্রহ বাড়ছে বলেও মনে করছেন তারা।

রুহুল আমিন আকন্দ নামে একজন বিনিয়োগকারী বলেন, “সামনে রোজা। রোজায় পুঁজিবাজার ভালো থাকে। জ্বালানি খাতের শেয়ারগুলোও ভালো। বড় বিনিয়োগকারীরা এ শেয়ার কিনছে দেখে অন্যরাও এখাতকে কম ঝুঁকিপূর্ণ বলে মনে করছেন।”

বিএমবিএর সাবেক সভাপতি হাফিজ বলেন, “জ্বালানি খাতের কোম্পানিগুলো মোটামুটি স্থিতিশীল মুনাফা দিয়ে থাকে। হয়তো এ কারণেই এ খাতের শেয়ার বেশি হাতবদল হচ্ছে।”