২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নতুন উদ্যোক্তা তৈরিই লক্ষ্য: মাতলুব

আগামী এক বছরে দেশের প্রতিটি জেলায় কমপক্ষে তিন জন করে নতুন উদ্যোক্তা তৈরির ঘোষনা দিয়েছেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইর নবনির্বাচিত পরিচালনা পর্ষদের সভাপতি আবদুল মাতলুব আহমাদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2015, 08:52 PM

Updated : 12 Oct 2022, 03:44 PM

রোববার মাতলুব আহমাদ নেতৃত্বাধীন পরিচালনা পর্ষদ ২০১৫-১৭ মেয়াদের জন্য সংগঠনটির দায়িত্ব গ্রহণ করে।

দায়িত্বগ্রহণের পর এক সংবাদ সম্মেলনে নিটল-নিলয় গ্রুপের চেয়ারম্যান এ ঘোষণা দেন।

এফবিসিসিআই সভাপতি বলেন, “বর্তমানে অধিকাংশ শিল্প প্রতিষ্ঠানই ঢাকা ও চট্টগ্রামকেন্দ্রিক। আমরা চাই, সারা দেশেই শিল্প গড়ে উঠুক। কিন্তু এটা না হওয়ার বড় কারণ হলো নতুন উদ্যোক্তা তৈরি না হওয়া। তাই আমরা প্রথম বছরে ৬৪ জেলায় তিন জন করে শিল্প উদ্যোক্তা গড়ে তুলব। আগামী বছর তিন জনের জায়গায় হবে নয় জন। এর পরের বছর নয় জনের জায়গায় হবে ৮১ জন।এফবিসিসিআই বাংলাদেশকে শিল্পায়িত করবে।”

রাজধানীর মতিঝিলের ফেডারেশন ভবনের সম্মেলন কক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

এ সময় মাতলুব আহমাদের সঙ্গে ছিলেন নতুন দুই সহ-সভাপতি সফিউল ইসলাম মহিউদ্দিন ও মাহবুবুল আলমসহ অন্যান্য পরিচালকেরা।

উপস্থিত ছিলেন বিদায়ী সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমদ, দুই সহ-সভাপতি মনোয়ারা হাকিম আলী ও হেলাল উদ্দিন  এবং নির্বাচন বোর্ডের চেয়ারম্যান সাংসদ আলী আশরাফ।

বক্তব্যে বরাবরের মতোই মাতলুব আহমাদও বলেন, বর্তমান কমিটির প্রধান অগ্রাধিকার ব্যাংক ঋণের সুদ হার কমিয়ে আনা।

তিনি বলেন, “ব্যাংক ঋণের উচ্চ সুদ হারের কারণে আমরা মরে যাচ্ছি। তাই আমাদের প্রধান কাজ হবে ঋণের সুদহার নয় শতাংশে নামিয়ে আনা।”

ব্যবসায়ীরাই ব্যাংকের মালিক হলেও সুদের হার কেন কমছে না- জানতে চাইলে এফবিসিসিআই সভাপতি বলেন, “আমরা নিজেরা নিজেদের নিয়ন্ত্রণ করলেই তো সুদের হার কমে যায়। একজন ব্যাংকের মালিক আমাকে বলেছেন, কখনও তিনি বছরে ব্যাংক থেকে ২০ কোটি টাকার বেশি মুনাফা করতে পারেননি। কিন্তু বছরে তিনি সুদ দেন ৫০০ কোটি টাকা। এখন সুদের হার যদি কমে আসে তাহলে তো তার ১০০-১৫০ কোটি টাকা বেচে যাবে।”

“এছাড়া কর ব্যবস্থাকে ব্যবসাবান্ধব করার জন্যও কাজ এফবিসিসিসিআই। মূসক, আয়কর ও শুল্ককাঠামো যাতে ব্যবসাবান্ধব হয় সেজন্য আমরা কাজ করবো, যাতে ছোট ও বড় সব ব্যবসায়ী বাঁচতে পারে।”

সোমবার ফেডারেশন ভবনে নবনির্বাচিত পরিচালনা পর্ষদের প্রথম জরুরী সভা অনুষ্ঠিত হবে।

এ প্রসঙ্গে সভাপতি বলেন, “সভায় একটিই এজেন্ডা, এফবিসিসিআইয়ের সংস্কার। আমার ইশতেহারে কিন্তু সরাসরি ভোটে সভাপতি নির্বাচনের বিষয়টি ছিল না। তবুও আমি এটা করার চেষ্টা করব। সাধারণ সদস্যরা যেভাবে চাইবেন, সেভাবেই হবে।”

এর আগে আনুষ্ঠানিকভাবে মাতলুব আহমাদের হাতে এফবিসিসিআইয়ের দায়িত্ব হস্তান্তর করেন কাজী আকরাম।

এ সময় তিনি তার দুই বছরের মেয়াদের নানা সাফল্য তুলে ধরেন।

তিনি দাবি করেন, এখন যে ব্যাংক ঋণের সুদহার ১২ শতাংশে নেমেছে এটা তাদের পর্ষদের অবদান।