জমজমাট ল্যাপটপ মেলা চলছে রাজধানীতে
ছুটির দিনের অবসরে ক্রেতা-দর্শনার্থীদের পদচারণায় রাজধানীতে জমে উঠেছে ল্যাপটপ মেলা।
বৃহস্পতিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুরু হয়েছে দিনব্যাপী এই মেলা।
শুক্রবার ছুটির দিনে সকাল থেকেই প্রযুক্তিপ্রেমীদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে মেলা প্রাঙ্গণ।
মেলার আয়োজক ও স্টলমালিকরা জানান, প্রথম দিন যারা শুধু ঘুরে গিয়েছিলেন, দ্বিতীয় দিনে তারা বাজেট মিলিয়ে দেখে পণ্য কিনে বাসায় ফিরছেন।
মেলায় ল্যাপটপ এবং নেটবুকের পাশাপাশি ট্যাবলেট কম্পিউটারের দিকেও দর্শনার্থীদের ব্যাপক আগ্রহ দেখা গেছে।
নতুন নতুন পণ্য আর সেই সঙ্গে ডিসকাউন্ট আর উপহার দিচ্ছে বিশ্বখ্যাত ব্র্যান্ডগুলো।
বৃহস্পতিবার তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু ১৫তম ‘টেকশহর ডটকম ল্যাপটপ মেলা’র উদ্বোধন করেন।
আয়োজকরা জানান, প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত ৩০ টাকার টিকিটের বিনিময়ে দর্শনার্থীরা মেলা ঘুরে দেখতে পারবেন। প্রতিবন্ধী, স্কুল শিক্ষার্থীরা ইউনিফর্ম পরে বিনা মূল্যেই মেলায় ঢুকতে পারবেন।
মেলার টিকিট থেকে প্রাপ্ত টাকার ২৫ শতাংশ নেপালের ভূমিকম্প আক্রান্তদের সাহায্যার্থে দান করা হবে বলেও জানান আয়োজকরা।
