২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে ৩ দিনব্যাপী ল্যাপটপ মেলা শুরু

মূল্যহ্রাসসহ বিভিন্ন সুযোগ-সুবিধার অফার দিয়ে রাজধানীতে শুরু হয়েছে তিন দিনের ল্যাপটপ মেলা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2015, 10:23 PM

Updated : 12 Oct 2022, 03:41 PM

­­বৃহস্পতিবার শেরে বাংলা নগরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘টেকশহর ডটকম ল্যাপটপ মেলা’র উদ্বোধন করেন মন্ত্রী হাসানুল হক ইনু।

ল্যাপটপ ও ট্যাব-এর ১৫তম এই মেলা চলবে শনিবার পর্যন্ত।

এক্সপো মেকারের আয়োজনে মেলায় দেশ-বিদেশের শীর্ষ প্রযুক্তিপণ্য নির্মাতা ও বিপণনকারী প্রতিষ্ঠানগুলো নিজেদের সর্বশেষ প্রযুক্তির পণ্য প্রদর্শন করছেন।

উদ্বোধনের সময় তথ্যমন্ত্রী বলেন, বর্তমান সরকার সবার হাতে ল্যাপটপ পৌঁছে দিতে চায়। আর ল্যাপটপ মেলা সেই সুযোগকে তরান্বিত করে। বর্তমানে দেশে প্রায় ২২ হাজার বিদ্যালয়ে ডিজিটাল ল্যাব স্থাপন করা হয়েছে। যেগুলোতে ল্যাপটপের মাধ্যামে শিক্ষা কার‌্যক্রম পরিচালনা করা হবে।

এবারের মেলায় অ্যাপল, এসার, আসুস, ডেল, এইচপি, লেনোভো, তোশিবা, টুইনমস, গিগাবাইট, ডিলাক্স, এক্সট্রিম, লজিটেক, মিইজু, ডিলিংক, আইনল, শাওমি, এইচটিসি, এইচটিএস, মাইসেল, মাইক্রোল্যাব, জেটকাইট ও জিওনির মতো ব্র্যান্ডের পণ্য পাওয়া যাচ্ছে।

আয়োজকরা জানান, প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত ৩০ টাকার টিকিটের বিনিময়ে দর্শনার্থীরা মেলা ঘুরে দেখতে পারবেন। প্রতিবন্ধী, স্কুল শিক্ষার্থীরা ইউনিফর্ম পরে বিনা মূল্যেই মেলায় ঢুকতে পারবেন।

মেলার টিকিট থেকে প্রাপ্ত টাকার ২৫ শতাংশ নেপালের ভূমিকম্প আক্রান্তদের সাহায্যার্থে দান করা হবে বলেও জানান আয়োজকরা।

এবারের মেলার পৃষ্ঠপোষক হিসেবে রয়েছে তথ্যপ্রযুক্তি ও টেলিকম বিশেষায়িত নিউজ পোর্টাল টেকশহর ডটকম। সহ-পৃষ্ঠপোষ হিসেবে যুক্ত হয়েছে এসার, আসুস, ডেল ও এইচপি।

আয়োজকরা জানান, ২০০৮ সাল থেকে প্রতি বছর এই মেলা অনুষ্ঠিত হচ্ছে।