ক্লাসিফাইডস সার্চ ইঞ্জিন নিয়ে এল বিডিনিউজ২৪ডটকম
শ্রেণিবদ্ধ বিজ্ঞাপনকে এক মোড়কে নিয়ে এসেছে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম, যাকে ‘ক্লাসিফাইডস সার্চ ইঞ্জিন’ বলছে এই ইন্টারনেট সংবাদপত্রটি।
এখন থেকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ক্লাসিফাইডস ট্যাবে ক্লিক করে দেখা যাবে দেশের সব ‘অনলাইন মার্কেট প্লেসে’ প্রকাশিত শ্রেণিবদ্ধ বা ক্লাসিফাইডস বিজ্ঞাপন।
বর্তমানে বিক্রয় ডটকম, এখানেই ডটকম, কারমুদি ডটকম ডটবিডি, লামুদি ডটকম ডটবিডির মতো প্রতিষ্ঠান শ্রেণিবদ্ধ বিজ্ঞাপনের জন্য পরিচিতি পেয়েছে।
অনলাইন মার্কেট প্লেসে নতুন মাত্রা নিয়ে আসা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের এই ‘ক্লাসিফাইডস সার্চ ইঞ্জিন’ প্রসঙ্গে প্রতিষ্ঠানটির হেড অব নিউ মিডিয়া অ্যান্ড নিউ বিজনেসেস মো. রাশেদ আহসান বলেন, “এটি এমন একটি চৌকস সার্চ ইঞ্জিন যেখানে প্রবেশ করলে একসঙ্গে পাওয়া যাবে বাংলাদেশে বেচাকেনার জন্য দেশ-বিদেশ থেকে দেওয়া শ্রেণিবদ্ধ বিজ্ঞাপন। বলা যায় এটি হচ্ছে সব ধরনের শ্রেণিবদ্ধ বিজ্ঞাপনের একটি দ্বার বা হাব।”
বিষয়টি বিশ্লেষণ করে রাশেদ আহসান বলেন, অনলাইনে কেউ হয়তো বাড়ি ভাড়া নেওয়া বা পুরনো আসবাব কিনতে চাইছেন। সেক্ষেত্রে তার পছন্দমতো বিভিন্ন ধরনের অনলাইনের শ্রেণিবদ্ধ বিজ্ঞাপনগুলো একসঙ্গে দেখা যাবে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমে।
এক্ষেত্রে ভোক্তাদের আরও সুবিধা দিতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এই চৌকস সার্চ ইঞ্জিন চালু করেছে বলে জানান তিনি।
নরওয়ের একটি খ্যাতনামা প্রতিষ্ঠান এই সার্চ ইঞ্জিনটি তৈরি করেছে।
