২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এক ব্যবসায় উল্টো চিত্র

দুই মাস আগে অবরোধ শুরুর পর থেকে উৎকণ্ঠিত ব্যবসায়ীরা। বেচাকেনা না থাকার হতাশা থেকে ক্ষোভ নিয়ে রাজপথেও নেমেছেন তারা।

আশিক হোসেন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Mar 2015, 05:07 PM

Updated : 12 Oct 2022, 03:24 PM

পুরনো খবর:

লাভের আশা নেই, খরচ চালাতে পুঁজিতে টান
পুঁজি ভাঙছেন দোকানিরা
হরতাল-অবরোধ নিষিদ্ধের দাবি ব্যবসায়ীদের

রাজনৈতিক এই অস্থিরতার মধ্যে বিভিন্ন বিপণি বিতানে গিয়ে যার দেখা মিলেছে, তার পুরোপুরি উল্টো চিত্র পুরান ঢাকার নবাবপুর রোডের মাঝামাঝিতে কয়েকটি দোকানে।

এই দোকানগুলোতে মূলত অগ্নিনির্বাপন সরঞ্জাম বিক্রি হয়। আর অবরোধ-হরতালে গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটতে থাকায় এখন চাহিদা অনুযায়ী জোগান দিতে হিমশিম খাচ্ছেন তারা।

আর হঠাৎ চাহিদা অস্বাভাবিক বেড়ে যাওয়ায় বিক্রেতারা দামও অনেক বাড়িয়ে দিয়েছেন বলে ক্রেতাদের অভিযোগ। তবে দ্বিগুণ দাম উঠলেও বিক্রি কমেনি।

গত ৫ জানুয়ারি থেকে বিএনপি জোটের অবরোধ এবং ফেব্রুয়ারির শুরু থেকে হরতালের মধ্যে ঢাকাসহ সারাদেশেই যানবাহন পোড়ানো হচ্ছে, ছোড়া হচ্ছে পেট্রোল বোমা।

অবরোধ শুরুর পর ৫০ দিনে ১ হাজার ১৭৩টি যানবাহন ও ছয়টি লঞ্চে আগুন দেওয়ার হিসাব সংসদে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারপর এই তালিকা বড় হওয়ার সঙ্গে আগুন দেওয়ার ঘটনা ঘটছে সরকারি কার্যালয়েও।

আর এই কারণে ফায়ার এস্টিংগুইসারসহ অগ্নিনির্বাপন সরঞ্জামের চাহিদা অনেক বেড়ে গেছে বলে জানান নবাবপুর রোডের মাঝামাঝিতে ১৩ থেকে ১৪টি দোকানের বিক্রেতারা।

এরা মূলত চীন থেকে এসব পণ্য আমদানি করে থাকেন, তাদের হাত ঘুরে এগুলো সারাদেশে যায়।

অগ্নি নির্বাপণ যন্ত্রপাতির আমদানিকারক আমিনুল ফেরদৌস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অবরোধ ও হরতালে সহিংসতা শুরুর পর এক সপ্তাহেই বিক্রির চাপ অনেক বেড়ে যায়।

“ওই সপ্তাহেই বাজারের সব ছোট নির্বাপকগুলোর স্টক শেষ হয়ে যায়। কয়েকজন যারা স্টক রেখেছিল, এখন এগুলোই বেশি দামে বিক্রি হচ্ছে।”

‘সেফ অ্যান্ড সেফটি’ দোকানের মালিক আমিনুল বলেন, মূলত ব্যক্তিগত গাড়ির মালিকরা এসব কিনছেন। যেহেতু পেট্রোল বোমা ছোড়ার ঘটনা ঘটছে।

“এই চাহিদা মৌসুমী, সহিংসতা থেমে গেছে এগুলো আর কেউ কিনবে না,” সেটাও বলেন তিনি।

কেএস ইন্টারন্যাশনালের মালিক নিজাম উদ্দিন বিপলু বলেন, কয়েকটি বাস কোম্পানিও অগ্নি নির্বাপন সরঞ্জাম কিনছেন তবে সেগুলো বড়, পাঁচ কেজি ওজনের।

“মুলত এক ও দুই কেজির নির্বাপকগুলোর চাহিদা বেড়ে গেছে। সহিংসতা শুরু হওয়ার পরপর এগুলো রাতারাতিই শেষ।”

এনজিওকর্মী মরিয়মনেছা মুন্নী তার ব্যক্তিগত গাড়ির জন্য দুই কেজি ওজনের একটি এক্টিংগুইসার কিনেছেন।

কেনার কারণ জানতে চাইলে তিনি বলেন, “রাস্তাঘাটে কখন কী হয়, তা বলা যায় না। এটা থাকলে অন্তত পক্ষে পরিস্থিতি কিছুটা সামাল দেওয়া যাবে।”

বিপলু জানান, চাহিদা অনুযায়ী জোগান না থাকায় ৬৫০ টাকা দামের এক কেজির অগ্নিনির্বাপক এখন বিক্রি হচ্ছে ১ হাজার টাকায়, আর ৭০০ টাকা দামের দুই কেজিরগুলো বিক্রি হচ্ছে ১১০০ টাকায়।

পাঁচ কেচি ওজনের অগ্নি নির্বাপকের দাম ১ হাজার টাকা, এগুলো মূলত অ্যাপার্টমেন্ট বা কারখানায় ব্যবহার হয় বলে জানান বিক্রেতারা।

হানিফ পরিবহনের ব্যবস্থাপক মো. রিপন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এসি গাড়িগুলো তুলনামুলক বেশি দামী হওয়ায় এগুলোর জন্য সারা বছরই ফায়ার এস্টিংগুইসার ব্যবহার করা হয়।”

নিজাম বলেন, “গত কয়েক সপ্তাহ ধরে রিফিলের চাহিদাও বেড়েছে। অনেকের কাছে হয়ত সিলিন্ডার ছিল, তারা এখন মনে করছেন, এগুলো রিফিল করা প্রয়োজন।”

সামা ইন্টারন্যাশনালের মালিক লিটন পাটোয়ারী বলেন, কয়েক বছর আগে যখন নিমতলীতে অগ্নিকাণ্ডের পর বাসা-বাড়িতে অগ্নি নির্বাপক ব্যবহার বেড়েছিল। তবে এবার বেড়েছে তার কয়েকগুণ বেশি।

জোগান কম থাকার বিষয়ে তিনি বলেন, “সারা বছর এগুলো কেউ কেনে না, এভাবেই পড়ে থাকে। একারণে আমদানিও করা হয় কম। এরকম ঘটনা আসলে কেউই প্রত্যাশা করেনি, না হলে অনেকেই বেশি করে কিনে রাখত।”