২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুঁজি ভাঙছেন দোকানিরা

রাজধানীর মিরপুর রোডের সায়েন্স ল্যাবরেটরি থেকে নীলক্ষেত পর্যন্ত এলাকায় মানুষের উপচেপড়া ভিড় আর যানজটের চেনা দৃশ্যটি গত দেড় মাস ধরে অনুপস্থিত। চলমান হরতাল-অবরোধে ক্রেতা কম থাকায় বিক্রি নেই, বিক্রেতাদের ব্যস্ততাও কম। 

ফয়সাল আতিক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Feb 2015, 01:57 PM

Updated : 12 Oct 2022, 03:17 PM

ব্যবসায়ীরা বলছেন, এ এলাকার বিভিন্ন বিপনী বিতানের পাঁচ হাজারের বেশি দোকানে বেচাকেনা দুই তৃতীয়াংশের নিচে নেমে আসায় তাদের পথে বসার উপক্রম হয়েছে।

অনেক দোকানিকে এরইমধ্যে ব্যবসার পুঁজিতে হাত দিতে হয়েছে।পরিবার নিয়ে চলা তো দূরের কথা, দোকান ভাড়া ও অন্যান্য খরচও উঠছে না।কর্মী ছাঁটাইয়ের কথাও জানিয়েছেন কয়েকজন দোকানি।

নিউ মার্কেট ও সংলগ্ন চন্দ্রিমা মার্কেটে প্যান্ট-শার্ট, শাড়ি-থ্রিপিস, বেবি শপ, জুয়েলারি, জুতা, ক্রোকারিজ, গৃহসজ্জার বিপণীসহ প্রায় দুই হাজার  দোকান রয়েছে।

নিউ মার্কেটে ব্যাগের দোকান লেদার মহলের বিক্রয়কর্মী সাহাবুল হক জানান, সাধারণত নভেম্বর থেকে মার্চে তাদের বেচাকেনা বেশি হয়। এবার এ সময়টিতেই শুরু হয়েছে অস্থিরতা।

“আগে যেখানে দৈনিক ২০-২৫ হাজার টাকার বিক্রি হতো, এখন তা ৫-৬ হাজার টাকায় নেমে এসেছে।”

প্যারাগন সুজ এর স্বত্বাধিকারী আব্দুর রহিম জানান, ডিসেম্বরে আড়াই লাখ টাকার মতো বিক্রি হলেও জানুয়ারিতে বেচাকেনা হয়েছে এক লাখের সামান্য বেশি।

ঢাকা নিউ সুপার মার্কেট (দক্ষিণ) বণিক সমিতির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান স্বপন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “হরতাল অবরোধের সহিংসতার কারণে ক্রেতা-ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। ব্যবসায়ীরা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।”

গত ৫ জানুয়ারি থেকে টানা অবরোধের কারণে ব্যবসায়ীদের পুঁজি ভেঙে চলতে হচ্ছে উল্লেখ করে স্বপন বলেন, এ অবস্থা চলতে থাকলে তারা রাস্তায় নামতে বাধ্য হবেন।

একই পরিস্থিতি মিরপুর রোডের প্রিয়াঙ্গন শপিং সেন্টার, বদরুদ্দোজা সুপার মার্কেট, নূর জাহান মার্কেট, ধানমন্ডি হকার্স মার্কেট ও গাউছিয়া মার্কেটের ব্যবসায়ীদের।

প্রিয়াঙ্গন শপিং সেন্টারের সাবিহা ফ্যাশনের বিক্রয়কর্মী শাহাদাত হোসেন জানান, তার দোকানে প্রতিমাসে চল্লিশ হাজার টাকার মতো খরচ আছে। কিন্তু জানুয়ারিতে ২০ হাজার টাকাও লাভ হয়নি।

বদরুদ্দোজা মার্কেটের তৈরি পোশাকের দোকান নেওয়াজ গার্মেন্টের স্বত্বাধিকারী ছানাউল্লাহ জানান, বেচাকেনা অর্ধেকে নেমে আসায় বাধ্য হয়ে দোকানের দুই কর্মীকে তিনি ‘ছুটি’ দিয়েছেন।

পাশের রাজিব ফ্যাশনস নামে আরেকটি দোকানের এক কর্মীকে বিদায় করে দেওয়া হয়েছে বলে তিনি জানান।

এভাবে আরও মাসখানেক চললে ব্যবসা চালানোই দায় হবে বলে জানালেন তিনি।

আট বছর ধরে নূরজাহান মার্কেটে শিশুদের পোশাক বিক্রি করছেন আশরাফ আলী। সিনথিয়া ফ্যাশন্স নামে তার দোকানে ডিসেম্বরে ছয় লাখ টাকার মতো বিক্রি হয়েছিল। জানুয়ারিতে তা নেমে এসেছে আড়াই লাখে।

এই ব্যবসায়ী বলেন, “এবার যে সংকটে পড়েছি ফখরুদ্দিন আহমেদের আমলেও তা হয়নি।”

বণিক সমিতির তথ্য অনুযায়ী, ধানমন্ডি হকার্স মার্কেটে ২৬২টির বেশি শাড়ির দোকান রয়েছে।

এ মার্কেটের ফাতেমা সিল্ক সেন্টারের স্বত্ত্বাধিকারী দুলাল হোসেন বলেন, তাদের সাতটি শাড়ির দোকানে জানুয়ারিতে ৪০-৫০ হাজার টাকা করে লোকসান হয়েছে।

নিউ মার্কেটের পূর্ব পাশে গায়ে গায়ে লাগোয়া নূর ম্যানশন, গাউছিয়া সুপার মার্কেট, চিশতিয়া সুপার মার্কেট, নিউ চিশতিয়া সুপার মার্কেট, হোসাইনিয়া মার্কেট, মেহেরবাপ্লাজা, রহমানিয়া প্লাজা, গোল্ডেনপ্লাজা ও চাঁদনীচক মার্কেট।

গাউছিয়া সুপার মার্কেট বণিক সমিতির অফিস সহকারী আব্দুর রউফ জানান, গাউছিয়া ও চিশতিয়া মিলে ছয় শতাধিক পাইকারি দোকান রয়েছে। পাশের অন্যান্য মার্কেট মিলিয়ে দোকানের সংখ্যা তিন হাজারের কম হবে না।

বণিক সমিতির কক্ষে থাকা সিসি ক্যামেরার মনিটরের দিকে ইঙ্গিত করে তিনি বলেন, “এই মার্কেটে স্বাভাবিক বেচাকেনা হলে দৃশ্য কেমন হয় তা আমি জানি। গত দেড় মাস ধরে এসব দোকানের ব্যবসা-বাণিজ্য প্রায় স্তব্ধ।”

সমিতির আইন সম্পাদক বেলায়েত হোসেন জানান, বেচাকেনা না থাকলেও তারা মার্কেটে আসেন, অলস সময় কাটান।

সায়েন্স ল্যাবরেটরি এলাকার পাঞ্জাবির দোকানগুলোতেও বেচাকেনা স্বাভাবিক সময়ের তুলনায় ৮০ শতাংশ কমে গেছে বলে ব্যবসায়ীরা জানাচ্ছেন।

এম ক্র্যাফটের বিপণনকর্মী মাসুম জানান, অবরোধ শুরুর পর এমন অনেকদিন গেছে যেদিন এক টাকারও বেচাকেনা হয়নি।

৪০ বছরের পুরনো পাঞ্জাবির দোকান খাদি বিতানের আব্দুল্লাহ আল মামুন জানান, ২০১৪ সালের জানুয়ারিতে ছয় থেকে সাত লাখ টাকার বেচাকেনা হয়েছিল তাদের। আর এ বছর একই সময়ের বিক্রি ছিল আড়াই লাখ টাকার মতো।

মিরপুর রোডের দুই পাশে ফুটপাতে রয়েছে বারোয়ারী পণ্যের দোকান। প্রতিষ্ঠিত ব্যবসায়ীদের মতো ফুটপাতের এই ব্যবসায়ীরাও সমানভাবে ক্ষতিগ্রস্ত।

নূরজাহান মার্কেটের সামনের ফুটপাত দোকানি বাবু জানান, দুই থেকে তিন লাখ টাকা পুঁজি নিয়ে দোকান দিয়েছেন তিনি। তবে বছরের শুরু থেকে খুবই খারাপ অবস্থার মধ্যে পড়েছেন।

“আগে দৈনিক ৭-৮ হাজার টাকা বিক্রি করে মাস শেষে ২৫-৩০ হাজার টাকা রাখা যেত। অবরোধ শুরুর পর রাস্তার ওপর ব্যবসা করতে জীবনের ঝুঁকি। তারপরও দৈনিক ৭-৮ শ’ টাকার বেশি বিক্রি থাকে না।”

রাজধানীর অন্যতম অভিজাত শপিংমল বসুন্ধরা সিটিও অবরোধের প্রভাবের বাইরে নেই। ব্যবসায়ীরা বলছেন, ডিসেম্বর থেকে তাদের ব্যবসায় স্থবিরতা দেখা দিলেও আশায় ছিলেন ফেব্রুয়ারিতে পরিস্থিতির উন্নতি হবে। কিন্তু অস্থিরতা আর কাটেনি।

অর্চনা বেবি ড্রেসের বিক্রয়কর্মী সেলিম বলেন, “প্রতিবছর জানুয়ারি মাসে বাণিজ্যমেলা শুরুর পর বসুন্ধরা সিটিতে বেচাকেনা কমে যায়। এবার অবরোধের কারণে তা শোচনীয় পর্যায়ে পৌঁছেছে।”

মূলত ঈদের পর থেকে বিক্রিতে ভাটা পড়েছে জানিয়ে লি পিংয়ের স্বত্বাধিকারী আলোক চান মোল্লা বলেন, “আমাদের টিকে থাকাই কঠিন হয়ে পড়েছে। পরিস্থিতি কোন দিকে মোড় নেবে বুঝতে পারছি না।”

সরকারের পদত্যাগ ও নতুন নির্বাচনের দাবিতে গত ৬ জানুয়ারি থেকে টানা অবরোধ কর্মসূচি চালিয়ে আসছে বিএনপি নেতৃত্বাধীন জোট। অবরোধের মধ্যেই চলছে দফায় দফায় হরতাল।

অচলাবস্থার কারণে যোগাযোগ ব্যবস্থাসহ দেশের সামগ্রিক অর্থনীতি ব্যপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে হিসাব দিয়েছে এফবিসিসিআই, বিজিএমইএসহ বিভিন্ন ব্যবসায়ী সংগঠন ও গবেষণা প্রতিষ্ঠান।