২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অর্থপাচার: সুইজারল্যান্ডে এইচএসবিসির অফিসে তল্লাশি

এইচএসবিসির মাধ্যমে বাংলাদেশসহ কয়েকটি দেশ থেকে অর্থপাচারের তথ্য প্রকাশের পর জেনেভায় বহুজাতিক এ ব্যাংকের কার্যালয়ে তল্লাশি চালানো হয়েছে।

রয়টার্স

রয়টার্স

Published : 19 Feb 2015, 11:24 AM

Updated : 25 Apr 2022, 01:02 PM

এইচএসবিসি প্রাইভেট ব্যাংক  (সুইস) নামে এইচএসবিসির কার্যক্রম পরিচালিত হয় সুইজারল্যান্ডে। বুধবার জেনেভায় ব্যাংকটির কার্যালয়ে প্রসিকিউটররা তল্লাশি চালান।

কারা সেখানে অর্থ জমা রাখেন এবং অর্থ পাচার ও কর ফাঁকির সঙ্গে কারা জড়িত সে ব্যাপারে খোঁজখবর নেওয়া হচ্ছে বলে সুইজারল্যান্ডের অ্যাটর্নি জেনারেল অলিভিয়ের জরনট জানিয়েছেন।

এইচএসবিসি প্রাইভেট ব্যাংক (সুইস) বিভিন্ন দেশের বিত্তশালীদের কর ফাঁকিতে সহায়তা করেছে বলে সম্প্রতি বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়।

এ বিষয়ে তদন্তে তারা সব ধরনের সহায়তা দিচ্ছেন বলে এইচএসবিসির পক্ষ থেকে বলা হয়েছে।

ব্যাংকটির সুইস শাখার প্রধান নির্বাহী ফ্রাঙ্কো মোরা বলেছেন, ব্যাংকের কঠোর শর্ত পূরণ করতে পারেননি এমন অনেকের হিসাব গত সপ্তাহে বিতর্ক ওঠার পরপরই তারা বন্ধ করে দিয়েছেন।

যুক্তরাষ্ট্র, ফ্রান্স, বেলজিয়াম ও আর্জেন্টিনায়ও ব্যাংকটির শাখায় তদন্ত শুরু হয়েছে। তবে ব্যাংকটির প্রধান কার্যালয় যেখানে অবস্থিত, সেই লন্ডনে কোনো অনুসন্ধান হচ্ছে না।

যুক্তরাজ্যের দৈনিক গার্ডিয়ান, ফরাসি পত্রিকা ল্য মঁদ, বিবিসি ও ওয়াশিংটনভিত্তিক ইন্টারন্যাশনাল কনসোর্টিয়াম অব ইনভেস্টিগেটিভ জার্নালিস্টের (আইসিআইজে) সমন্বয়ে গঠিত আন্তর্জাতিক সাংবাদিক সংগঠন এইচএসবিসির চুরি হওয়া তথ্য নিয়ে প্রকাশিত প্রতিবেদনে বাংলাদেশ থেকেও অর্থপাচারের কথা জানিয়েছে।

তাতে বলা হয়, এইচএসবিসির ১৭টি হিসাবের মাধ্যমে ১৬ জন গ্রাহক ২০০৬ সাল পর্যন্ত বাংলাদেশ থেকে এক কোটি ৩০ লাখ ডলার পাচার করেছেন।

এসব হিসাবের মধ্যে ব্যক্তিগত হিসাব ১০টি এবং অফশোর কোম্পানির সাতটি। ব্যক্তিগত হিসাব পরিচালনাকারীর মধ্যে পাঁচ জন বাংলাদেশের নাগরিক বা পাসপোর্টধারী। এর মধ্যে একজন সর্বোচ্চ ৪৪ লাখ ডলার পাচার করেছেন।

বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, সুইজারল্যান্ডে এইচএসবিসি প্রাইভেট ব্যাংকে ১৯৮৫ থেকে ২০০৬ সাল পর্যন্ত বাংলাদেশিদের ৩৪টি হিসাব খোলা হয়। এর মধ্যে বর্তমানে ৩১টি সক্রিয় আছে। ২০০০ সালের পর হিসাব খোলার প্রবণতা বাড়ে।

তবে ব্যাংকের বাংলাদেশ শাখায় অর্থপাচারের কোনো তথ্য না থাকার কথা জানিয়েছেন এর কর্মকর্তারা।

গত বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা শাখায় একথা বলেন এইচএসবিসি বাংলাদেশের প্রতিনিধিদল।

তারপরও সুইস ব্যাংকে এসব অর্থ এবং এর মালিকদের সম্পর্কে তথ্য চাওয়া হবে বলে জানিয়েছিলেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা।

পুরনো খবর:

অর্থ পাচারের তথ্য এইচএসবিসি বাংলাদেশের কাছে নেই
অর্থপাচার: এইচএসবিসির কর্মকর্তাদের তলব