ডিজিটাল ওয়ার্ল্ড আজীবন সম্মাননা পেলেন আতিউর
ডিজিটাল ওয়ার্ল্ড আজীবন সম্মাননা পেলেন বাংলাদেশ ব্যাংক গভর্নর আতিউর রহমান।
বৃহস্পতিবার সন্ধ্যায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রযুক্তি মেলা ডিজিটাল ওয়ার্ল্ড ২০১৫ এর সমাপনী অনুষ্ঠানে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত আতিউর রহমানের হাতে এ পুরস্কার তুলে দেন।
সোমবার চার দিনের এ মেলা শুরু হয়।
কেন্দ্রীয় ব্যাংকের মাধ্যমে তথ্যপ্রযুক্তিবান্ধব বাস্তবমুখী নীতি-উদ্যোগ গ্রহণের স্বীকৃতিস্বরূপ আতিউরকে এ সম্মাননা দেওয়া হয়।
সম্মাননা প্রদানের ঘোষণাপত্রে উল্লেখ করা হয়, একজন খ্যাতনামা অর্থনীতিবিদ ও বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে ড. আতিউর রহমানের নেওয়া সময়োপযোগী ও ইতিবাচক ব্যাংকিং নীতি-কর্মসূচিগুলো জাতীয় অর্থনীতির উন্নয়নে ব্যাপক অবদান রেখেছে। তথ্যপ্রযুক্তি খাতে তাঁর নিবিড় মনোযোগ বিশেষ করে, অর্থায়ন সুবিধা ও অনলাইন লেনদেন এ খাতের প্রসারে সহায়ক ভূমিকা রেখেছে।
পুরস্কার গ্রহণের পর অনুভূতি প্রকাশ করতে গিয়ে আতিউর রহমান বলেন, বাংলাদেশ ব্যাংকের দায়িত্ব নেওয়ার পর থেকেই আমি সরকারের ‘ডিজিটাল বাংলাদেশ’ গড়ার স্বপ্ন পূরণের লক্ষ্যে বাংলাদেশ ব্যাংককে একটি সম্পূর্ণ ডিজিটাইজড প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে বাস্তবানুগ কর্মসূচি গ্রহণ করে চলেছি।
“দেশের ব্যাংকিং ব্যবস্থাকেও ডিজিটাইজড করতে হাতে নিয়েছি নানা উদ্যোগ। আজ জোরগলায় বলতে পারি, এ পথে আমরা অনেক দূর এগিয়েছি। বর্তমানে প্রায় নব্বই শতাংশ ব্যাংক প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সেবা দিচ্ছে।”
