চট্টগ্রামে ডিজিটাল মেলা ২৬ ফেব্রুয়ারি
চট্টগ্রামে তিন দিনের ডিজিটাল উদ্ভাবনী মেলা শুরু হচ্ছে ২৬ ফেব্রুয়ারি থেকে।
বৃহস্পতিবার বিকালে চট্টগ্রাম জেলা প্রশাসনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে মেলার বিষয়ে গণমাধ্যমকে জানানো হয়।
এবারের ডিজিটাল উদ্ভাবনী মেলা হবে নগরীর এম এ আজিজ স্টেডিয়ামের জিমনেসিয়ামসংলগ্ন মাঠে।
২৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলমান মেলায় প্রতিদিন আইটি সেবাবিষয়ক সেমিনার অনুষ্ঠিত হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এবারের মেলা উপলক্ষে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের অংশগ্রহণে রচনা প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে।
মেলায় বাংলাদেশ ব্যাংকসহ তফসিলি ব্যাংকগুলোর স্টল থাকবে। এসব স্টলে শিক্ষার্থীদের ব্যাংক হিসাব খোলা ও তথ্য প্রযুক্তি বিষয়ক সেবা গ্রহণে জনসাধারণকে উদ্বুদ্ধ করা হবে।
মেলায় বিশ্ববিদ্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠান জোন, সরকারি সেবা প্রদানকারী প্রতিষ্ঠান জোন, এনজিও জোন, কম্পিউটার ও অনলাইন নেটওয়ার্কিং জোন, ফ্রি ল্যান্সার জোন, গেমিং জোন ও ফুড জোন থাকবে।
সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত মেলা চলবে।
