কর্মী পাঠাতে সন্ধ্যায় সৌদি আরবের সঙ্গে সমঝোতা স্মারক
সৌদি আরবে এক লাখ ২০ হাজার কর্মী পাঠাতে দেশটির সঙ্গে সমঝোতা স্মারকে সই করতে যাচ্ছে বাংলাদেশ।
মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর ইস্কাটনের প্রবাসী কল্যাণ ভবনে প্রবাসী কল্যাণ সচিব মো. ইফতেখার হায়দার ও সৌদি আরবের আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপমন্ত্রী আহমেদ আল ফাহাদ এই স্মারকে সই করবেন।
প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শহিদুল আলম মজুমদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সৌদি আরবে প্রতিবছর এক লাখ ২০ হাজার গৃহকর্মী পাঠাতে এই স্মারক হবে।
“চুক্তি স্বাক্ষর হলে প্রতি মাসে ১০ হাজার গৃহকর্মী পাঠানোর কাজ শুরু হবে।”
গত সোমবার দুই দেশের প্রতিনিধিদের মধ্যে দুই দফা বৈঠক শেষে ছয় বছর পর বিদেশি শ্রমিক নিতে যাওয়া সৌদি আরবের মন্ত্রী আহমেদ আল ফাহাদ বাংলদেশকে এক্ষেত্রে ‘বিশেষ গুরুত্ব’ দেওয়ার প্রতিশ্রুতি দেন।
মালয়েশিয়ার মতো সৌদি আরবে সরকারি পর্যায়ে (জি টু জি) পাঠানো হবে না, যা নিয়ে ব্যাপক ক্ষোভ ছিল জনশক্তি রপ্তানিকারকদের মধ্যে।
এবার রিক্রুটিং এজেন্সির মাধ্যমে সৌদি আরবে কর্মী পাঠানো হলেও যে কোনো অনিয়ম এড়াতে সরকারের কড়া নজরদারি রাখার কথা বলেছেন বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন।
তাছাড়া ন্যূনতম বেতন ১২শ থেকে ১৫ শ রিয়াল (১ রিয়াল প্রায় ২১ টাকার সমান) না হলে কর্মী পাঠানো হবে না বলেও ওইদিন বৈঠক শেষে মন্ত্রী জানিয়েছিলেন।
২০০৮ সালে বাংলাদেশ থেকে শ্রমিক নেওয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল তেলসমৃদ্ধ দেশ সৌদি আরব, যা এ বছর তুলে নেওয়া হয়।
সরকারি হিসাবে বর্তমানে ১২ লাখ ৮০ হাজার বাংলাদেশি সৌদি আরবে বিভিন্ন পেশায় নিয়োজিত। এই হিসাবে সৌদি আরবই বাংলাদেশের সবচেয়ে বড় শ্রমবাজার।
নিষেধাজ্ঞা আরোপের আগে বাংলাদেশ থেকে প্রতি বছর গড়ে প্রায় দেড় লাখ শ্রমিক নিত সৌদি আরব।
