সৌদিতে কর্মী পাঠাবে রিক্রুটিং এজেন্সিগুলো
সৌদি আরবে কর্মী পাঠানোর ক্ষেত্রটি বেসরকারি রপ্তানিকারকদের দিলেও এতে যে কোনো অনিয়ম এড়াতে সরকারের কড়া নজরদারি থাকবে বলে জানিয়েছেন বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন।
ছয় বছর পর শ্রমিক নিতে যাওয়া সৌদি আরবের আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপ-মন্ত্রী আহমেদ আল ফাহাদও বাংলদেশকে এক্ষেত্রে ‘বিশেষ গুরুত্ব’ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।
সোমবার ঢাকার ইস্কাটনে প্রবাসী কল্যাণ ভবনে দুই দেশের প্রতিনিধিদের মধ্যে দুই দফা বৈঠক হয়।
প্রথম বৈঠকটি হয় খন্দকার মোশাররফ ও আল ফাহাদের মধ্যে। পরে প্রবাসী কল্যাণ সচিব মো. ইফতেখার হায়দারের নেতৃত্বে বাংলাদেশের প্রতিনিধি দলের সঙ্গে ১৯ সদস্যের সৌদি প্রতিনিধি দল বৈঠকে বসে।
বৈঠকে আলোচনার বিষয়ে জানতে চাইলে মন্ত্রী মোশাররফ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বাংলাদেশ থেকে শ্রমিক নেওয়ার খুঁটিনাটি বিভিন্ন বিষয় চূড়ান্ত করতে সৌদি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক হয়েছে।
“আমরা বলেছি, বাংলাদেশ থেকে শ্রমিক যাদের নেওয়া হবে তাদের ন্যূনতম বেতন হতে হবে ১২শ থেকে ১৫ শ রিয়াল (১ রিয়াল প্রায় ২১ টাকার সমান)। এর কম হলে আমরা লোক পাঠাব না।”
মালয়েশিয়ার মতো সৌদি আরবে সরকারি পর্যায়ে (জি টু জি) পাঠানো হবে না, যা নিয়ে ব্যাপক ক্ষোভ ছিল জনশক্তি রপ্তানিকারকদের মধ্যে।
মন্ত্রী বলেন, “এবার জি টু জি হবে না, বেসরকারি রিক্রুটিং এজেন্সির মাধ্যমে লোক পাঠানো হবে। তবে পুরো প্রক্রিয়াতেই সরকারের শক্ত নজরদারি থাকবে।”
ফাইল ছবি
কত জন শ্রমিক পাঠানো হবে- জানতে চাইলে তিনি বলেন, এখনও তা ঠিক হয়নি।
“তারা যে চাহিদা দেবে, সে অনুযায়ী শ্রমিক পাঠাতে আমরা প্রস্তুত। উনারা আমাদের মেডিকেল টেস্ট ল্যাব, ট্রেইনিং সেন্টার পরিদর্শন করবেন, এর পর একটি সমঝোতা স্মারক সই হবে দুই দেশের মধ্যে।”
“আমরা রিক্রুটিং এজেন্সিগুলোকে বলেছি, মিনিমাম কস্টে লোক পাঠাতে হবে,” বলেন মোশাররফ।
শ্রমিক সংখ্যার বিষয়ে সৌদি প্রতিনিধি দলের প্রধান উপ-মন্ত্রী আহমেদ ফাহাদ বলেন, “গত বছর আমরা বিভিন্ন দেশ থেকে ১.৩ মিলিয়ন শ্রমিক নিয়েছি। এ বছরও একই পরিমাণ শ্রমিক নেওয়া হবে। তবে এবার বাংলাদেশ বিশেষ গুরুত্ব পাবে।”
২০০৮ সালে বাংলাদেশ থেকে শ্রমিক নেওয়ার ওপর নিষেধাজ্ঞা করেছিল তেলসমৃদ্ধ দেশটির সরকার, যা এ বছর তুলে নেওয়া হয়।
সরকারি হিসাবে বর্তমানে ১২ লাখ ৮০ হাজার বাংলাদেশি সৌদি আরবে বিভিন্ন পেশায় নিয়োজিত। এই হিসাবে সৌদি আরবই বাংলাদেশের সবচেয়ে বড় শ্রমবাজার।
নিষেধাজ্ঞা আরোপের আগে বাংলাদেশ থেকে প্রতি বছর গড়ে প্রায় দেড় লাখ শ্রমিক নিত সৌদি আরব।
শ্রমবাজার খুলে যাওয়ার পর বাংলাদেশ থেকে সৌদি আরবে যেতে একজন শ্রমিকের ১৫ থেকে ২০ হাজার টাকার বেশি খরচ হবে না বলে গত ২৫ জানুয়ারি এক সংবাদ সম্মেলনে জানিয়েছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী।
