বিসিআইএমের বিজনেস কাউন্সিলের চেয়ারম্যান কাজী আকরাম
বাংলাদেশ, চায়না, ভারত ও মিয়ানমারের আঞ্চলিক জোট বিসিআইএমের বিজনেস কাউন্সিলের চেয়ারম্যান হয়েছেন এফবিসিসিআইয়ের সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমেদ।
এই চার দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্যের সুযোগ-সুবিধা বৃদ্ধির লক্ষ্যে এই বিজনেস কাউন্সিল গঠন করা হয়েছে।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব একেএম শামীম চৌধুরী সাংবাদিকদের বলেন, দুই বছরের জন্য নতুন দায়িত্ব পেয়ে সোমবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেন এফবিসিসিআইয়ের সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমেদ।
“মাননীয় প্রধানমন্ত্রী তাকে উঞ্চ অভিনন্দন জানান। নতুন দায়িত্ব সুচারুরুপে পালন করে দেশের ভাবমূর্তি ও ব্যবসা-বাণিজ্য বৃদ্ধির পরামর্শ দেন তিনি।”
প্রেস সচিব বলেন, এসময় বিসিআইএম বিজনেস কাউন্সিলকে আরো কার্যকর করার উপর জোর দেন প্রধানমন্ত্রী।
“তিনি আশা করেন, বিসিআইএমের মাধ্যমে সদস্য দেশগুলো বিশেষ করে চীনের সঙ্গে আমাদের কানেকটিভিটি আরো বৃদ্ধি পাবে।”
বাংলাদেশের আগে বিসিআইএম বিজনেস কাউন্সিলের চেয়ারম্যানের দায়িত্বে ছিল চীন।
প্রেস সচিব আরো বলেন, এ কাউন্সিলের চেয়ারম্যান হিসেবে দায়িত্বপ্রাপ্ত হওয়া বাংলাদেশের একটি সফলতা হিসেবে দেখা হচ্ছে; যা গত বছর প্রধানমন্ত্রীর চীন সফরের ধারাবাহিক সফলতারও একটি অংশ।
প্রধানমন্ত্রী বিসিআইএমের অব্যাহত সাফল্য কামনা করেন।
সাক্ষাতের সময় এফবিসিসিআইয়ের সভাপতির সঙ্গে ছিলেন সংগঠনটির প্রথম সহ-সভাপতি মনোয়ারা হাকিম আলী ও সহ-সভাপতি হেলাল উদ্দিন।
