২ ব্রোকারেজকে জরিমানা, দুই কোম্পানির তদন্তে বিএসইসি
আইন লঙ্ঘনের দায়ে ব্রোকারেজ হাউজ হিলসিটি সিকিউরিটিজ ও মিনহার সিকিউরিটিজকে সাত লাখ টাকা করে জরিমানা করেছে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি।
একই সঙ্গে পুঁজিবাজারে তালিকাভুক্ত অলটেক্স ইন্ডাস্ট্রিজ ও নর্দার্ন জুট ম্যানুফেকচারিং কোম্পানির শেয়ার লেনদেনের বিষয়ে তদন্তের জন্য আলাদা কমিটি গঠন করা হয়েছে।
মঙ্গলবার বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের নিয়মিত সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিএসইসির মুখপাত্র ও নির্বাহী পরিচালক সাইফুর রহমান।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি জানান, পরিচালকদের হিসাবে ব্যালান্স নেগেটিভ থাকলেও হিলসিটি সিকিউরিটিজ লিমিটেড তাদেরকে অর্থ উত্তোলনের সুযোগ দিয়ে আইন লঙ্ঘন করেছে। ব্রোকারেজ হাউজটির নিয়মিত পরিদর্শন শেষে তদন্ত দল আইন ভঙ্গের এই প্রমাণ পায়।
এ ছাড়া সমন্বিত গ্রাহক হিসাবে পরিশোধযোগ্য গ্রাহকদের পর্যাপ্ত তহবিলে ৬ কোটি ৬৪ লাখ টাকা ঘাটতি থাকায় আইন লঙ্ঘনের দায়ে মিনহার সিকিউরিটিজকে ৭ লাখ টাকা জরিমানা করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, অলটেক্স ইন্ডাস্ট্রিজের শেয়ার লেনদেন ও কোম্পানির অন্যান্য বিষয় তদন্তের জন্য বিএসইসির উপপরিচালক মোল্লা মিরাজ উজ সুন্নাহ ও সহকারী পরিচালক রাকিবুর রহমানকে দায়িত্ব দেওয়া হয়েছে।
আর নর্দান জুটের শেয়ার লেনদেন ও কোম্পানির অন্যান্য বিষয় তদন্তের দায়িত্ব পেয়েছেন উপপরিচালক ফখরুল ইসলাম মজুমদার ও সহকারী পরিচালক ইকবাল হোসেন।
দুই কমিটিকে পরবর্তী ১৫ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
বাজারের লেনদেন বিশ্লেষণে দেখা যায়, গত ৫ থেকে ১২ জানুয়ারির মধ্যে অলটেক্স ইন্ডাস্ট্রিজের শেয়ারের দর বেড়েছে ১১ দশমিক ৮ টাকা বা ৪৯ দশমিক ১৬ শতাংশ।
আর ৮ থেকে ১৩ জানুয়ারির মধ্যে নর্দার্ন জুটের শেয়ার দর বেড়েছে ৬০.৭ টাকা বা ২৬.০৯ শতাংশ।
মূল্য সংবেদনশীল তথ্য ছাড়া দুটি কোম্পানির শেয়ার দর বাড়ছে থাকায় তা নিয়ে তদন্ত করার সিদ্ধান্ত নিয়েছে বিএসইসি।
