২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেনাপোলে ‘পণ্যজট’

বিএনপির ডাকা দেশব্যাপী অবরোধে দূরপাল্লার যানবাহন চলাচল ব্যহত হওয়ায় আমদানিকারকরা পণ্য খালাস করছেন না, যা বেনাপোল বন্দরে ‘পণ্যজট’ সৃষ্টি করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আসাদুজ্জামান আসাদ, বেনাপোল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jan 2015, 02:59 PM

Updated : 22 Aug 2022, 11:25 AM

বেনাপোল চেকপোস্ট কাস্টমস কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা আব্দুল লতিফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের অবরোধ শুরু হলেও পেট্রাপোল ও বেনাপোল বন্দরের মধ্যে আমদানি-রপ্তানি চালু রয়েছে।

“অবরোধ থাকায় দেশের অভ্যন্তর থেকে পণ্যবাহী ট্রাক বন্দরে কম আসায় বুধবার থেকে রপ্তানি কমে এসেছে। তবে আমদানি স্বাভাবিক রয়েছে। ”

বেনাপোল বন্দরের উপ-পরিচালক (ট্রাফিক) আব্দুল জলিল বলেন, “প্রতিদিন ৩৫০ থেকে ৪৫০ ভারতীয়  ট্রাক আমদানিকৃত পণ্য নিয়ে বন্দরে প্রবেশ করছে। সমপরিমাণ বাংলাদেশি ট্রাক পণ্য নিয়ে দেশের অভ্যন্তরে যায় কিন্তু অবরোধের কারণে পণ্য পরিবহন বন্ধ হওয়ার মতই।

“ইদানিং ভারত থেকে প্রচুর পরিমান গাড়ি, গাড়ির যন্ত্রাংশ ও রপ্তানিমুখী শিল্প প্রতিষ্ঠানের কাঁচামাল আমদানি হওয়ায় বন্দরে পণ্যজট তীব্রতর হয়েছে।”

তিনি জানান, বেনাপোল স্থলবন্দরে পণ্য ধারণ ক্ষমতা ৩৮ হাজার মেট্রিক টন। অবরোধ ও হরতালে পণ্য খালাস না হওয়ায় পণ্য মজুদের পরিমান এর প্রায় দ্বিগুণ হয়ে গেছে।

“বন্দরের ৩৬টি গুদাম, পাঁচটি ইয়ার্ড, একটি ট্রান্সশিপমেন্ট এবং তিনটি টার্মিনালের অধিকাংশ জায়গা আমদানি পণ্যে সয়লাব হয়ে গেছে,” বলেন আব্দুল জলিল।  

বেনাপোল বন্দর আমদানি-রপ্তানিকারক সমিতির যুগ্ম সম্পাদক মহসিন মিলন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “অবরোধে পণ্য খালাস করতে না পারায় আমদানিকারকদের অতিরিক্ত শেডের ভাড়া গুনতে হয়। এ সময় গাড়ি ভাড়া দ্বিগুণ হয়ে যায়।

“যার পুরোটাই আমদানিকারককে বহন করতে হয়। এতে ব্যবসায়ীরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।”

বেনাপোল ট্রান্সপোর্ট এজেন্সি মালিক সমিতির সাধারণ সম্পাদক আজিম উদ্দিন গাজী বলেন, “হরতাল ও অবরোধে নিরাপত্তার অভাবে আমরা ট্রাক ভাড়া দিতে চাই না। অন্যদিকে আমদানি পণ্যবাহী ট্রাকে আগুন দেওয়ায় আমদানিকারকরা এই সময় পণ্যে সরবরাহও নিতে চান না।

কেবল কারখানার অতি প্রয়োজনীয় কাঁচামালই এখন সরবরাহ নেওয়া হচ্ছে জানিয়ে তিনি বলেন, “পণ্যবোঝাই অন্তত পাঁচশ’ ট্রাক বন্দর ছাড়ার অপেক্ষায় রয়েছে। অবরোধ প্রত্যাহার হলেই সেগুলো বন্দর ছাড়বে।”

বেনাপোল শুল্কভবনের সহকারী কমিশনার মাহাবুব হাসান বলেন, “হরতাল অবরোধে শুল্ক বিভাগের কাজকর্ম চালু থাকলেও আমদানিকারকরা পণ্য খালাস না করায় রাজস্ব ঘাটতি দেখা দেয়।”

তিনি জানান, বেনাপোল বন্দরে দৈনিক গড়ে সাড়ে নয় কোটি টাকা করে রাজস্ব আদায় হয়ে থাকে। পণ্য খালাস প্রায় বন্ধ থাকায় গত কয়েকদিন এটিও তলানিতে ঠেকেছে।