নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান মেননের
রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে এশিয়ার অন্যতম সেরা বিমান সংস্থা হিসেবে গড়ে তুলতে প্রতিষ্ঠানটির সিবিএ নেতাদের নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহনমন্ত্রী রাশেদ খান মেনন।
সচিবালয়ে বিমান সিবিএ নব নির্বাচিত নেতাদের সঙ্গে সাক্ষাতের সময় মন্ত্রী এই আহ্বান জানান।
তিনি বলেন, “সকলের সহযোগিতায় বিমানকে লোকসানি প্রতিষ্ঠান থেকে একটি লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করা সম্ভব ।”
গত ১ জানুয়ারি অনুষ্ঠিত সিবিএ নির্বাচনে বিমান এমপ্লয়িজ ইউনিয়ন এবং বিমান শ্রমিক লীগ প্রতিদ্বন্দ্বিতা করে। এ নির্বাচনে বিমান শ্রমিক লীগ সবকয়টি পদেই জয়লাভ করে।
ওই নির্বাচনে সিবিএ সভাপতি পদে মশিকুর রহমান এবং সাধারণ সম্পাদক পদে মন্তাছার রহমান নির্বাচিত হন।
