২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রূপালী ব্যাংকে ৫ হাজার অলস একাউন্ট

রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংকের ৪ হাজার ৯৪৭টি হিসাবে গ্রাহকরা গত ১০ বছর ধরে কোনো লেনদেন করছেন না। এসময়ের মধ্যে হিসাবধারী কিংবা তাদের মনোনীত উত্তরাধিকাররাও টাকা দাবি করেননি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

শেখ আবদুল্লাহ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jan 2015, 07:43 PM

Updated : 22 Aug 2022, 11:22 AM

বিদায়ী বছরের শেষ দিনে ব্যাংকটির প্রকাশিত তথ্যানুযায়ী, এর ৮৪টি শাখায় নিষ্ক্রিয় এসব হিসাবে ৬৮ লাখ ৩৫ হাজার টাকা পড়ে আছে।

ব্যাংক কোম্পানি আইনের ৩৫ ধারা অনুযায়ী এসব হিসাবের বিস্তারিত তথ্য বাংলাদেশ ব্যাংকে পাঠানোর প্রস্তুতি নিচ্ছে রূপালী ব্যাংক।

আইন অনুযায়ী, কেন্দ্রীয় ব্যাংকের কাছে এসব টাকা আরও একবছর রাখা হবে। এর মধ্যে সংশ্লিষ্ট হিসাবধারী কিংবা উত্তরাধিকাররা দাবি না করলে ওই অর্থ সরকারি কোষাগারে জমা হয়ে যাবে।

ব্যাংকাররা বলছেন, সাধারণত মৃত্যু, প্রবাসে চলে যাওয়াসহ নানা কারণে অনেক হিসাবের লেনদেন বন্ধ হয়ে যায়।আবার চাকরি পরিবর্তনের অনেকের বেতন হিসাবেও লেনদেন বন্ধ হয়ে যায়।

পাঁচ বছর ব্যাংকগুলো এ ধরনের হিসাব সচল রাখার পর সেসব ‘সুপ্ত হিসাব’ করে রাখা হয়। আর ১০ বছর পেরিয়ে গেলে এসব হিসাব বন্ধ করে টাকা কেন্দ্রীয় ব্যাংকে জমা করা হয়।

রূপালী ব্যাংকের রাজধানীর রামপুরা শাখায় এ ধরনের পরিচালনহীন হিসাবের সংখ্যা সবচেয়ে বেশি, ১ হাজার ২৯৮টি।

এরপরেই রয়েছে সাতক্ষীরার কলারোয়া শাখায়। সীমান্তবর্তী এই শাখায় ১ হাজার ১৩৭ হিসাব ১০ বছর ধরে পরিচালিত হচ্ছে না।

এ ধরনের নিষ্ক্রিয় হিসাবে সবচেয়ে বেশি টাকা রয়েছে ব্যাংকটির রমনা কর্পোরেট শাখায়।এই শাখায় মাত্র ১৬৭টি অপরিচালিত হিসাবে ২৮ লাখ ৯৬ হাজার ৫৫৪ টাকা পড়ে রয়েছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০১৩ সালের ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত উত্তরা ব্যাংকে এ ধরনের লেনদেনহীন হিসাবের ১০ লাখ ৬ হাজার ৬১৯ টাকা, অগ্রণী ব্যাংকের ৭১টি শাখার ১ হাজার ৩৫৫টি হিসাবের ১৪ লাখ ৭৪ হাজার টাকা বাংলাদেশ ব্যাংকে জমা হয়েছে।

এছাড়া এইচএসবিসি, ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান, দ্য সিটি ব্যাংক, প্রাইম ব্যাংক, এবি ব্যাংক, বেসিক ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, ন্যাশনাল ব্যাংক এবং ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকও বাংলাদেশ ব্যাংকে তাদের অপরিচালিত হিসাবের তথ্য দিয়েছে।

কেন্দ্রীয় ব্যাংক ওইসব হিসাবের গ্রাহকদের টাকা ফেরত নেয়ার জন্য ওয়েবসাইটে বিজ্ঞাপনও দিয়েছে।