২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভালো দামে ‘রমরমা’ বিক্রির আশায় ফুলচাষীরা

বিজয় দিবসকে সামনে রমরমা বেচাকেনায় ব্যস্ত হয়ে উঠেছে ফুলের রাজধানী হিসাবে খ্যাত যশোরের গদখালী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আসাদুজ্জামান আসাদ, বেনাপোল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Dec 2014, 10:40 PM

Updated : 22 Aug 2022, 08:04 PM

ফুলের ভালো ফলন ও বাজারে সন্তোষজনক দামে খুশি চাষীরা এবার প্রায় আট কোটি টাকার ফুল বিক্রির আশা করছেন।

বাংলাদেশ ফ্লাওয়ার সোসাইটির সভাপতি আব্দুর রহিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গোলাপ, জবা, রজনীগন্ধা, গ্লাডিউলাসের পাশাপাশি এবার ইউরোপীয় জাতের ফুল ‘জারবেরা’ স্পেশাল গিফট হিসেবে গণ্য হচ্ছে সবার কাছে।

“চাহিদা বেশি থাকায় দামী এই ফুল বিক্রিতে চাষীরা এবার লাভও বেশি করবে।”

বাজার ভাল থাকায় এবার বিজয় দিবস উপলক্ষে প্রায় আট কোটি টাকার ফুল বিক্রি হতে পারে বলে আশা করেন তিনি।

চাষীরা যে ফুলের সন্তোষজন দাম পাচ্ছে তার প্রমাণ পাওয়া গেল গদখালি বাজারে ফুল কিনতে আসা পিরোজপুরের তওফিক এলাহীর কথায়।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ফুল কিনতে এসে দেখি বাজার খুব চড়া। জারবেরা ফুলের প্রতি স্টিক বিক্রি হচ্ছে ১৫ টাকায়, গোলাপ ৩-৫ টাকা। আর ১০০ গাঁদা ফুল বিক্রি হচ্ছে ২০০ টাকায়।”

অন্তত ৩০ হাজার টাকার ফুল কিনতে বাজারে এসেছেন এই ফুল বিক্রেতা।

প্রতিদিনই কাকডাকা ভোরে ফুলচাষী, বিভিন্ন স্থান থেকে আসা পাইকার আর শ্রমিকদের হাঁক-ডাকে মুখর হয়ে উঠে জেলা শহর থেকে ১৯ কিলোমিটার পশ্চিমে যশোর-বেনাপোল মহাসড়কের পাশের গদখালী বাজার।

দরদাম মিটিয়ে ব্যবসায়ীরা ট্রাক-পিকআপ কিংবা বাসের ছাদে গাঁদা, গোলাপ, জবা, রজনীগন্ধা আর ইউরোপের দামী ফুল জারবেরা নিয়ে ছুটছেন নিজ নিজ গন্তব্যে। বিজয় দিবসের জন্য তারা আগেভাগেই ফুল সংগ্রহ করে সংরক্ষণ করবেন।

আবহাওয়া অনুকূলে থাকায় এ বছর গদখালীতে ফুলের আবাদও হয়েছে বেশি।

ঝিকরগাছার কৃষি সম্প্রসারণ বিভাগের উপসহকারী কৃষি কর্মকর্তা আসলাম হোসেন জানান, বিভাগের তত্ত্বাবধানে এবার ৫০০ চাষী ফুলের চাষ করেছেন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আবহাওয়া অনুকুলে থাকায় ফুলের উৎপাদনও হয়েছে বেশি। এবার চাষীরা প্রতি বিঘা থেকে গড়ে ৫০-৬০ হাজার টাকার ফুল বিক্রি করতে পারবেন।”

এবার ফুলের ব্যবসায় নতুন মাত্রা এনেছে ‘জারবেরা’। চাহিদা ভালো থাকায় দামী এই ফুল বিক্রি থেকে ভালো লাভের আশায় আছেন চাষীরা।

গদখালী বাজারে ফুল বিক্রি করতে আসা ঝিকরগাছার হাড়িয়া গ্রামের ফুলচাষী শাহাজাহান আলী জানান, গত দুদিনে তিনি দুই লাখ টাকার ‘জারবেরা’ ও ‘গ্লাডিউলাস’ বিক্রি করেছেন।

ঢাকা, চট্টগ্রাম, খুলনা, বরিশাল ও সিলেটের অভিজাত এলাকার ফুলের দোকান ছাড়া ‘জারবেরা’ পাওয়ার কম পাওয়া যায় বলে জানালেন এই ফুলচাষী।

ঝিকরগাছার কাগমারি গ্রামের ফুলচাষী রকিবুর রহমানও দুইদিনে দেড় লাখ টাকার ‘গাঁদা’ ও ‘জারবেরা’ এবং সৈয়দপাড়ার রমজান আলী বৃহস্পতিবার বিক্রি করেছেন ৪০ হাজার টাকার গোলাপ।

প্রতিবছর সারা দেশে বিজয় দিবস উদযাপনের জন্য যে ফুল বেচাকেনা হয় তার অন্তত ৭০ শতাংশই যশোরে উৎপাদিত হয় বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।