৫২ কোটি টাকার চিনি অবিক্রিত, আখমাড়াই উদ্বোধন
অর্ধশতাধিক কোটি টাকার চিনি অবিক্রিত রেখে ঝিনাইদহের মোবারকগঞ্জ চিনিকলের (মোচিক) ২০১৪-১৫ মৌসুমের আখমাড়াই শুরু হয়েছে।
শিল্পমন্ত্রী আমির হোসেন আমু শুক্রবার ডোঙ্গায় আখ ফেলে মাড়াই কাজের উদ্বোধন করেন।
কর্তৃপক্ষ জানায়, গত তিন মৌসুমের উৎপাদিত ১৩ হাজার ৩০০ মেট্রিক টন চিনি গুদামে মজুদ রয়েছে, যার ধারণ ক্ষমতা ২০ হাজার মেট্রিক টন।
এবছর এক লাখ ত্রিশ হাজার আখ মাড়াই করে ৯ হাজার ৭৫০ মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
নতুন এ লক্ষ্যমাত্রা অর্জিত হলে আগেরগুলোর সঙ্গে নতুন উৎপাদিত চিনি মিলে মোট ২৩ হাজার ৫০ মেট্রিক টন হবে, যার ধারণ ক্ষমতা গুদামের নেই।
উদ্বোধন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার, জেলা প্রশাসক মো. শফিকুল ইসলাম, বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের চেয়ারম্যান মাহমুদউল হক ভূইয়া প্রমুখ।
মোবারকগঞ্জ চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক দেলোয়ার হোসেন জানান, ২০১৪-১৫ আখমাড়াই মৌসুমে কার্যদিবস ধরা হয়েছে ১২০।
তিনি বলেন, “মোবারকগঞ্জ চিনিকলে বর্তমানে গত তিন বছরের উৎপাদিত ১৩ হাজার ৩০০ মেট্রিক টন চিনি মজুদ রয়েছে, যার মূল্য প্রায় ৫২ কোটি টাকা।
অবিক্রিত চিনি এরইমধ্যে বিক্রি না হলে নতুন উৎপাদিত চিনির সবটুকু রাখার জায়গা গুদামে হবে না বলে তিনি জানান।
শ্রমিক নেতা মসিউর রহমান স্বপন জানান, দীর্ঘদিন চিনি গুদামে পড়ে থাকায় গুণগত মান নষ্ট হচ্ছে।
মিলের শ্রমিক কর্মচারীদের দুই মাসের বেতন বকেয়া রয়েছে বলেও তিনি জানান।
