২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৩০ কোটি টাকার চিনি নিয়ে বিপাকে জয়পুরহাট চিনিকল

এ বছরের আখ মাড়াই মওসুম শুরুর সময় হয়ে এলেও জয়পুরহাট চিনিকলের গুদামে পড়ে আছে বিক্রি না হওয়া সাড়ে ৭ হাজার মেট্রিক টন চিনি, যার বাজার মূল্য প্রায় ৩০ কোটি টাকা।

মোমেন মুনি

জয়পুহোট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Dec 2014, 03:44 PM

Updated : 13 Oct 2022, 12:52 PM

চিনিকল শ্রমিক ইউনিয়নের নেতারা বলছেন, ১২ ডিসেম্বর নতুন মাড়াই মওসুম শুরুর আগেই এ বিপুল পরিমাণ চিনি বিক্রি করা সম্ভব না হলে কৃষকদের আখের দাম পরিশোধ ও কর্মীদের বেতন-ভাতা দিতে ঝামেলায় পড়তে হবে কর্তৃপক্ষকে।

ঊনিশশ ষাটের দশকে স্থাপিত দেশের বৃহত্তম এই চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক আব্দুস সালাম জানান, ২০১১-১২ থেকে ২০১৩-১৪ সাল পর্যন্ত তিনটি আখ মাড়াই মৌসুমের বিপুল পরিমাণ চিনি মজুদ ছিল গুদামে। তার মধ্যে সাড়ে ৭ হাজার মেট্রিক টন এখনও বিক্রি হয়নি।

কেন এত চিনি অবিক্রিত থেকে গেল, সে বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি সালাম।

তবে জয়পুরহাট টিনিকলের শ্রমিক ইউনিয়নের সভাপতি আফজাল হোসেনের দাবি, কম দামের বিদেশি চিনি আমদানির কারণে দেশে উৎপাদিত উন্নতমানের চিনি বাজারে মার খাচ্ছে।

জয়পুরহাটের মতো দেশের অন্য চিনিকলগুলোর পরিস্থিতিও একইরকম বলে জানান তিনি।

শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক খোরশেদ আলম বলেন, “চলতি মাড়াই মৌসুমের আগে এই বিপুল পরিমাণ চিনি বিক্রি করা না গেলে আগামী দিনে কৃষকদের আখের মূল্য পরিশোধে মারাত্মক সমস্যা হবে। এছাড়া চিনিকলে কর্মরত প্রায় দেড় হাজার শ্রমিক-কর্মচারী ও কর্মকর্তাদের বেতন নিয়মিত পাওয়া যাবে কি না, তা নিয়েও সন্দেহ আছে।”

এই চিনি বিক্রি সম্ভব না হলে নতুন উদপাদিত চিনির জন্য ১৩ হাজার মেট্রিক টন ধারণ ক্ষমতার গুদামে জায়গা সংকট দেখে দিতে পারে। এছাড়া দীর্ঘদিন গুদামে চিনি পড়ে থাকলে মানও নষ্ট হওয়ারও আশঙ্কা থাকে।

বাংলাদেশ চিনিকল কর্পোরেশনের নিয়ন্ত্রণাধীন জয়পুরহাট চিনিকলে আখ মাড়াই করে বছরে ২০ হাজার ৩২০ মেট্রিক টন চিনি উৎপাদন সম্ভব। গত মাড়াই মওসুমের শুরুতেও এ কলে পাঁচ হাজার ২২৬ মেট্রিক টন চিনি অবিক্রিত ছিল।

চলতি ২০১৩-১৪ মাড়াই মৌসুমে এক লাখ মেট্রিক টন আখ মাড়াই করে সাড়ে সাত হাজার টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল মিল কর্তৃপক্ষ। এর মধ্যে উৎপাদন হয়েছে নয় হাজার ১৯ মেট্রিক টন। আর নতুন মওসুমে সাত হাজার ৯৭৫ মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছে।