বিমানের সূচি পরিবর্তনের তথ্য এসএমএসে
এখন থেকে ফ্লাইটের সূচি পরিবর্তনের তথ্য এসএমএসের মাধ্যমে জানতে পারবেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের যাত্রীরা।
মঙ্গলবার থেকে যাত্রীরা এ সুবিধা পাবেন বলে বিমানের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এই সেবা চালুর ফলে যাত্রীরা যাত্রার আগেই ফ্লাইট সূচি সম্পর্কে জানতে পারবেন এবং তা যথাসময়ে তাদের বিমানবন্দরে উপস্থিত থাকতে সহায়তা করবে।
আগাম তথ্য পাওয়ার কারণে যাত্রীরা বিড়ম্বনা থেকেও রেহাই পাবেন বলে আশা প্রকাশ করেছে বাংলাদেশের পতাকাবাহী এই বিমান সংস্থাটি।
বিমান এই সার্ভিস ‘বাংলালিংক এসএমএস গেটওয়ে’র মাধ্যমে নিয়েছে। এজন্য ইতোমধ্যে বাংলালিংক ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মধ্যে চুক্তি সই হয়েছে বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে।
