২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আঞ্চলিকতার গুরুত্বে এক সফরে তিন রাষ্ট্রদূত

বিরল এক সফরে সড়ক পথে ঢাকা থেকে রওনা হচ্ছেন ভারত, নেপাল ও ভুটানের তিন রাষ্ট্রদূত, আঞ্চলিক সহযোগিতা জোরদারের গুরুত্ব তুলে ধরা যার উদ্দেশ্য।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Nov 2014, 05:19 PM

Updated : 22 Aug 2022, 07:48 PM

ঢাকায় কর্মরত প্রতিবেশী তিন দেশের রাষ্ট্রদূতের সঙ্গে এই সফরে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন প্রতিনিধিও থাকছেন বলে বৃহস্পতিবার ভারতের দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

ভারতের রাষ্ট্রদূত পঙ্কজ শরণ, ভুটানের রাষ্ট্রদূত পেমা চোদেন ও নেপালের রাষ্ট্রদূত হরি কুমার শ্রেষ্ঠা আগামী ৯ নভেম্বর ঢাকা থেকে চার দিনের এই সফর শুরু করবেন।

উন্নয়ন ও বাণিজ্য প্রসারে আঞ্চলিক যোগাযোগের গুরুত্ব তুলে ধরে বাংলাদেশের আহ্বানের মধ্যে এই সফর হচ্ছে। সফরে বাংলাদেশ সরকারের সমর্থন রয়েছে বলে দূতাবাসের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

তিন রাষ্ট্রদূত এবং বাংলাদেশের প্রতিনিধির সঙ্গে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্মসচিব গোপাল বাগলেও এই সফরে থাকছেন।

সফরকারীরা বাংলাদেশ-ভারত-ভুটান-নেপাল সীমান্তে স্থল বন্দরগুলোর কার্যক্রম এবং ইমিগ্রেশন সেন্টারগুলো পরিদর্শন করবেন। স্থলবন্দরগুলোর অবকাঠামো দেখার পাশাপাশি সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়ও করবেন কূটনীতিকরা।

বাংলাদেশ-ভারতের বুড়িমারী-চেংড়াবান্ধা, ভারত-ভুটানের ফুন্তশিলিং-জয়গাঁও, নেপাল-ভারতের কাকরভিটা-পানিতাংকি স্থল বন্দরে যাবে এই কূটনৈতিক দলটি।

সফরকালে ভুটান চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ, নেপালের মেচি চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ, পশ্চিমবঙ্গের ফেডারেশন অফ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ অফ নর্থ বেঙ্গল এবং বাংলাদেশের পঞ্চগড় চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের নেতাদের সঙ্গে বৈঠক করবেন রাষ্ট্রদূতরা।

স্থলবেষ্টিত নেপাল ও ভুটান বাংলাদেশের সমুদ্র বন্দরের সুবিধা যেমন নিতে চায়। তেমনি বাংলাদেশের সঙ্গেও এই দুটি দেশের বাণিজ্য রয়েছে।

বাংলাদেশের সঙ্গে নেপাল ও ভুটানের স্থল যোগাযোগের ক্ষেত্রে ভারতের সহযোগিতা নিতে হয়, কেননা দুটি দেশের সঙ্গে বাংলাদেশ সীমান্তের মাঝে রয়েছে ভারতের স্থলভাগ।

পুরনো খবর:

আঞ্চলিক যোগাযোগ বাড়াতে হবে: প্রধানমন্ত্রী