মেঘনা গ্রুপের মোস্তফা কামালকে দুদকের জিজ্ঞাসাবাদ
দাম কম দেখিয়ে গুঁড়ো দুধ আমদানি করে শুল্ক ফাঁকির অভিযোগ তদন্তে মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামালকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন।
সোমবার বিকাল সাড়ে ৩টা থেকে প্রায় তিনঘণ্টা ধরে দুদক কার্যালয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হয় বলে জানিয়েছেন দুদকের সংশ্লিষ্ট এক কর্মকর্তা।
মেঘনা গ্রুপের প্রতিষ্ঠান তানভীর ফুড লিমিটেডের বিরুদ্ধে মিথ্যা তথ্য দিয়ে পণ্যের অবমূল্যায়নের এই অভিযোগ তদন্ত করছেন দুদকের উপ-পরিচালক মীর জয়নুল আবেদিন শিবলী।
দুদকের সংশ্লিষ্ট ওই কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তানভির ফুড লিমিটেডের বিরুদ্ধে আন্ডার ইনভয়েসিংয়ের (দাম কম দেখানো) মাধ্যমে গুঁড়ো দুধ আমদানি করে কয়েক কোটি টাকা রাজস্ব ফাঁকি দেওয়ার অভিযোগ রয়েছে।
তিনি বলেন, “আমাদের কাছে থাকা অভিযোগ অনুযায়ী, কয়েকজন অসাধু শুল্ক কর্মকর্তার যোগসাজশে তানভির ফুড লিমিটেডসহ বেশ কয়েকটি গুঁড়ো দুধ আমদানিকারক প্রতিষ্ঠান মিথ্যা তথ্য ব্যবহার করে পণ্যের মূল্য কম দেখিয়ে সরকারের কোটি কোটি টাকা রাজস্ব ফাঁকি দিয়েছে।
এই দুদক কর্মকর্তা জানান, ২০১০ ও ২০১১ সালে বিশ্ব বাজারে গুঁড়ো দুধের দাম ছিল টনপ্রতি তিন হাজার ৭০০ থেকে তিন হাজার ৮০০ ডলার। ওই দুই বছরে কাস্টমস কর্মকর্তাদের যোগসাজশে টনপ্রতি দুই হাজার ৪০০ ডলার দাম দেখিয়ে গুঁড়ো দুধ আমদানি করা হয়েছে।
তিনি জানান, ওই সময়ে শুল্ক ফাঁকিতে সরকারের প্রায় দেড় হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে।
অভিযোগপত্র অনুযায়ী, ২০১১ সালের ১১ জুলাই এক টন গুঁড়োদুধ আমদানি করতে ডানোর খরচ হয়েছে চার হাজার ৪০০ ডলার।
একই সময় তানভীর ফুড লিমিটেড একই পরিমাণ গুঁড়ো দুধ প্রায় অর্ধেক দাম দুই হাজার ৭০০ ডলারে আমদানি করে।
এই কারণে তানভির ফুড লিমিটেডের বিরুদ্ধে একদিকে শুল্ক কম দেওয়ার এবং অন্যদিকে আরো অর্থ অবৈধ উপায়ে বা হুন্ডির মাধ্যমে বিদেশে পাচারের অভিযোগ উঠেছে ।
