দুই দিনের এসএমই মেলা নভেম্বরে
প্রতিবছরের মতো এবারো ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য মেলা করতে যাচ্ছে এসএমই ফাউন্ডেশন।
এসএমই ফাউন্ডেশনের উপ মহাব্যবস্থাপক নুরুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের বিভিন্ন প্রকল্পে অর্থায়ন নিশ্চিত করতে এই মেলার আয়োজন।”
এই মেলায় ক্ষুদ্র উদ্যোক্তাদের তৈরি কোনো পণ্য প্রদর্শনীর ব্যবস্থা থাকবে না। মূলত ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের সঙ্গে অর্থায়নকারী প্রতিষ্ঠানগুলোর মেলবন্ধন ঘটাতেই ‘এসএমই ফাইন্যান্সিং ফেয়ার’ শিরোনামে এই মেলার আয়োজন করেছে এসএমই ফাউন্ডেশন।
মেলার উদ্বোধন করবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। এছাড়া বালাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলে নুরুল আলম জানান।
মেলায় অংশগ্রহণে আগ্রহী উদ্যোক্তা ও প্রতিষ্ঠানকে আগামী ২৩ অক্টোবরের মধ্যে নিবন্ধন করতে হবে।
