পোস্তা এখনও ব্যস্ত নয়
ঈদের দুদিন পরও কোরবানির পশুর চামড়া বেচা-কেনা জমে উঠেনি। ব্যবসায়ীরা বলছেন, আগামী সপ্তাহে জমে উঠবে চামড়া বেচা-কেনা।
কোরবানির দুদিন পর বুধবার রাজধানীর লালবাগের পোস্তার কাঁচা চামড়ার আড়তগুলোতে গিয়ে সেগুলো প্রায় ফাঁকাই দেখা গেছে।
চামড়া এখনও কম কেন- জানতে চাইলে আড়তদাররা জানান, গরমের কারণে যেন নষ্ট না হয়, সেজন্য বিভিন্ন এলাকায় চামড়া কিনে লবণ মাখিয়ে রাখা হয়েছে। আগামী সপ্তাহে তা আনা হবে।
বাংলাদেশে প্রতিবছর মোট চাহিদার ৫০ শতাংশ চামড়া কোরবানির ঈদে জবাই করা পশু থেকে আসে। এই সময়ে গড়ে ৩০ লাখ টি চামড়া আসে আড়তে।
সাধারণত মৌসুমী ব্যবসায়ীরা কোরবানির পশুর চামড়া সংগ্রহ করেন। আড়ত হয়ে এগুলো কিনে নেন ট্যানারি মালিকরা।
এবার ট্যানারি মালিকরা রাজধানীতে প্রতি বর্গফুট লবণযুক্ত গরুর চামড়া ৭০ থেকে ৭৫ টাকায় এবং ঢাকার বাইরে ৬০ থেকে ৬৫ টাকায় কিনবেন বলে ঠিক করেছেন, যে দাম গতবারের চেয়ে কম।
পোস্তার হাজি মোহন আড়তে গিযে কিছু ভেড়ার ও বকরি চামড়া ছাড়া আর কিছু দেখা যায়নি। মুন্সীগঞ্জ ও নারায়ণগঞ্জ থেকে এই আড়তে চামড়া আসে।
মো. ফরিদ নামে আড়তের এক কর্মীর কাছে চামড়ার খবর জানতে চাইলে তিনি রাজা বাহাদুর নামে একজনকে দেখিয়ে দিয়ে বলেন, “সব মাল তার (রাজা) কাছে।”
রাজা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তিনি মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি থানায় নিজের গ্রামের বাড়িতে চামড়া লবণ দিয়ে রেখে দিয়েছেন। আগামী সপ্তাহে পোস্তায় আনবেন।
চামড়া বেচা-কেনা হচ্ছে কি না- জানতে চাইলে তিনি বলেন, “ঢাকায় তো মাল আসেনি। যে মাল এসেছে, তা কিছু কিছু বেচা-কেনা হচ্ছে।”
গরমে নষ্ট হওয়া এড়াতে লবণ মাখিয়ে রাখলেও ১০ শতাংশের মতো চামড়া নষ্ট হতে পারে বলে রাজার ধারণা।
তিনি বলেন, লোকবলের অভাবে চামড়া যথাসময়ে লবণ দিতে না পারায় কিছু নষ্ট হবে।
তার কাছে কী পরিমাণ চামড়া রয়েছে- জানতে চাইলে রাজা হাসতে হাসতে বলেন, “আছে আধা কোটি টাকার মতো।”
আরেক আড়তে গিয়ে চামড়া নেই কেন জানতে চাইলে মামুন নামে এক মৌসুমী ব্যবসায়ী বলেন, “আগামী সপ্তাহে পুরো পোস্তার আড়তে মালে ভরপুর দেখতে পারবেন।”
পোস্তায় আড়তে মাল দেখা যাচ্ছে না জানালে মাহবুব এন্ড ব্রাদাস আড়তের মালিক আফতাব খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ফড়িয়ারা এত গরমে চামড়া সরাসরি ঢাকায় না এনে ভাল করেছে।”
“সরাসরি যদি চামড়া নিয়ে ঢাকায় আসত, তাহলে গরমে অনেক মাল নষ্ট হত।”
ঈদের দিন থেকেই গরমে চামড়া নষ্ট হওয়ার শঙ্কা নিয়ে গণমাধ্যমের বক্তব্য দিয়ে আসছিলেন আড়তদার আফতাব খান।
তবে এখন তিনি মনে করছেন, জেলায় জেলায় চামড়া সংরক্ষণ করে রাখায় গরমে নষ্ট হওয়া শঙ্কা অনেকটা কমে গেছে।
বাংলাদেশ ট্যানার্স মালিক অ্যাসোসিয়েশনের সভাপতি শাহীন আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এবার লবণের দাম আওতার মধ্যে রয়েছে। ব্যবসায়ীরা ঠিক সময়ে ঠিকমতো চামড়ায় লবণ দিলে গরমে সমস্যা হওয়ার কথা নয়।”
বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের ধারণা, এবার ঈদে ঢাকায় প্রায় ১২ থেকে ১৪ লাখ এবং সারাদেশে প্রায় ৭০ থেকে ৭৫ লাখ পশু জবাই হয়েছে।
