২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘আবেনোমিকসে’ ‘গুরুত্বপূর্ণ’ বাংলাদেশ

ঢাকা সফরের প্রথম বক্তৃতায় জাপানকে এগিয়ে নিতে নিজের পরিকল্পনা বাস্তবায়নে বাংলাদেশের গুরুত্বের কথা তুলে ধরলেন শিনজো আবে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Sep 2014, 05:21 PM

Updated : 13 Oct 2022, 12:32 PM

পুরনো খবর:

স্মৃতিসৌধে ফুল দিয়ে শহীদদের প্রতি আবের শ্রদ্ধা

শনিবার দুপুরে ঢাকায় পৌঁছনোর পর জাতীয় স্মৃতিসৌধ ও বঙ্গবন্ধু জাদুঘর ঘুরে সোনারগাঁও হোটেলে বাংলাদেশ-জাপান বিজনেস ফোরামের অনুষ্ঠানে যোগ দেন জাপানি প্রধানমন্ত্রী।

১৪ বছর পর জাপানের প্রথম প্রধানমন্ত্রী হিসেবে ঢাকায় আসা আবে তার দেশের অর্থনীতিকে চাঙা করতে নিজের নীতি তুলে ধরেন বক্তৃতায়।

মন্দাক্রান্ত জাপানি অর্থনীতিকে চাঙা করতে আবে যে নীতি গ্রহণ করেছেন, তা ‘আবেনোমিকস’ নামে পরিচিতি পেয়েছে।

নিজের নীতির সফল প্রয়োগে দক্ষিণ-পূর্ব এশিয়া ও ভারতের মধ্যবর্তী দেশ বাংলাদেশের গুরুত্বের কথা তুলে ধরেন জাপানের প্রধানমন্ত্রী।

“জাপানের অর্থনীতিকে চাঙা করতে আমি আবেনোমিকসের প্রয়োগ ঘটাচ্ছি। এজন্য জাপানের বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধিতে বাংলাদেশ খুব গুরুত্বপূর্ণ। তাই আমি আজ বাংলাদেশ সফর করছি।”

বঙ্গোপসাগরের তীরে বিশেষ অর্থনৈতিক এলাকা (বে অফ বেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ বেল্ট-বিগ বি) প্রতিষ্ঠাই বাংলাদেশকে সহযোগিতার অগ্রাধিকারে থাকবে বলে জানান জাপানের প্রধানমন্ত্রী।

জাপান ও বাংলাদেশের সম্পর্ককে ‘ভাই-বোনের’ সম্পর্ক হিসেবে অভিহিত করে দুই দেশের উন্নয়নে উভয় দেশের ব্যবসায়ীদের সহায়তা প্রত্যাশা করেন তিনি।

দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে একযোগে কাজ করার গুরুত্ব দিয়ে এক্ষেত্রে নিজের সহযোগিতার প্রতিশ্রুতি দেন তিনি।

স্ত্রী আকি আবেকে নিয়ে বেলা ১টায় ঢাকায় নামলে বিমানবন্দরে লাল গালিচা সংবর্ধনা দেয়া হয় বাংলাদেশে উন্নয়নের অন্যতম প্রধান অংশীদার জাপানের প্রধানমন্ত্রীকে। তাকে অভ্যর্থনা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিমানবন্দরে গার্ড অফ অনার নেয়ার পর দেড়শ’ সফরসঙ্গীকে নিয়ে সাভারে জাতীয় স্মৃতিসৌধে যান আবে। সেখানে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ধানমণ্ডি গিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দেন তিনি।

ব্যবসায়ীদের অনুষ্ঠানে বক্তৃতায় আবে শেখ হাসিনার টোকিও সফরের চার মাসের মধ্যে নিজের ঢাকা সফরের কথা তুলে ধরে বলেন, এই বছরটি বাংলাদেশ ও জাপানের জন্য স্মরণীয় হয়ে থাকবে, এর মধ্য দিয়ে দুই দেশের সহযোগিতাপূর্ণ সম্পর্ক নতুন মাত্রায় উন্নীত হল।

শেখ হাসিনার টোকিও সফরের সময় প্রতিশ্রুত ৬০০ কোটি ডলার ঋণ ‘বিগ-বি’কে কেন্দ্র করেই বলে জানান তিনি।

প্রশান্ত মহাসাগরীয় এবং ভারত মহাসাগরীয় এলাকার সমন্বয়ের মাধ্যমে উন্নয়নের জন্য ‘বিগ-বি’ পরিকল্পনা সাজিয়েছে জাপান, যার লক্ষ্য উন্নত এই দেশের অর্থনীতি আরো সুদৃঢ় করা।

‘বিগ-বি’ পরিকল্পনার তিনটি গুরুত্বপূর্ণ দিকও তুলে ধরেন আবে। প্রথমত, অবকাঠামো উন্নয়নের মাধ্যমে শিল্পোন্নয়ন ঘটানো; দ্বিতীয়ত, বিনিয়োগের পরিবেশের উন্নয়ন ঘটানো; তৃতীয়ত, দেশগুলোর ঐক্য ও সংহতি জোরদার।

এই পরিকল্পনা বাস্তবায়নে ভৌত অবকাঠামো ও পরিবহন ব্যবস্থার উন্নয়ন, জ্বালানি সরবরাহ নিরবচ্ছিন্ন রাখা, বিশেষ অর্থনৈতিক অঞ্চল গঠনসহ নগর উন্নয়নের ওপর জোর দেন জাপানের প্রধানমন্ত্রী।

তিনি আশা প্রকাশ করেন, এক্ষেত্রে জাপানি প্রযুক্তি বাংলাদেশের পুরোপুরি কাজে লাগবে।  আর এতে দুই দেশই উপকৃত হবে।

কক্সবাজারের মাতারবাড়ীতে কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে জাপানি সহায়তার কথা উল্লেখ করেন আবে।

বাংলাদেশকে সহযোগিতায় জাপানের বাজারে বাংলাদেশের তৈরি পোশাক পণ্যের শুল্কমুক্ত প্রবেশাধিকার দেয়ার কথাও তুলে ধরেন তিনি।

সোনারগাঁও হোটেলের এই অনুষ্ঠানে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমও ছিলেন।

জাপানের অবকাঠামো নির্মাণ, গার্মেন্ট, মেডিকেল, খাদ্যপণ্য, নিরাপদ পানি ও আর্থিক প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারাসহ উভয় দেশের ব্যবসায়ীরাও সভায় উপস্থিত ছিলেন।

ব্যবসায়ীদের অনুষ্ঠান শেষ করেই প্রধানমন্ত্রীর কার্যালয়ে রওনা হন আবে। সেখানে দুই দেশের মধ্যে শীর্ষ বৈঠক হয়, যাতে বাংলাদেশের নেতৃত্ব দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শীর্ষ বৈঠকের পর জাপানের প্রধানমন্ত্রী বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে দেখা করেন। রাতে সোনারগাঁও হোটেলে শেখ হাসিনার দেয়া নৈশভোজে অংশ নেন তিনি।

রোববার সকালে ঢাকা ছাড়ার আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইন্সটিটিউট পরিদর্শন করার কথা রয়েছে জাপানি প্রধানমন্ত্রীর।

জাপানের প্রধানমন্ত্রী হিসেবে ইয়োশিরো মোরির পর আবেই প্রথম ঢাকায় এলেন। ২০০০ সালে শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকাকালে এসেছিলেন মোরি।