২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে চালের দাম বেড়েছে

রাজধানীর বাজারগুলোতে  এক সপ্তাহের ব্যবধানে চালের দাম প্রায় দুই টাকা বেড়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Sep 2014, 07:06 PM

Updated : 22 Aug 2022, 07:02 PM

মিল মালিক ও পাইকারি ব্যবসায়ীরা বলছেন, মূলত ধানের দাম বেড়ে যাওয়ায় এবং বন্যার কারণে সরবরাহ বিঘ্নিত হওয়ায় দামের ওপর প্রভাব পড়ছে।

বন্যার কারণে আউশ ধানের চাল সময়মত বাজারে আসতে পারেনি। আবার বৃষ্টির কারণে চাতালগুলোও নিয়মিতভাবে ধান প্রক্রিয়াজাত করতে পারেনি। তাই বাজারে চালের সরবরাহ কিছুটা কমেছে বলে তারা জানান।

শুক্রবার ঢাকার বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, এক সপ্তাহে স্বর্ণা বা চায়না ইরি চালের দাম কেজিতে ২ টাকা পর্যন্ত বেড়েছে।

কারওয়ান বাজারের পাইকারি চাল ব্যবসায়ী আবু বকর সিদ্দিকী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শুক্রবার প্রতি কেজি স্বর্ণা চাল বিক্রি হচ্ছে ৩৫ থেকে ৩৬ টাকা দরে, যা গত সপ্তাহে ছিল ৩৩ থেকে ৩৪ টাকা।

প্রতি কেজি চায়না ইরি বিক্রি হচ্ছে ৩৬ থেকে ৩৮ টাকা দরে, গত সপ্তাহে যার দর ছিল ৩৫ থেকে ৩৬ টাকা।

বিআর-৮, বিআর-১১ চালের দামও একইভাবে বেড়ে ৩৩ থেকে ৩৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে বলে জানান বকর।

এছাড়া মিনিকেট ও নাজিরশাইলের মতো চিকন চালের দামও কেজিতে ৫০ পয়সা থেকে দেড় টাকা পর্যন্ত বেড়েছে বলে বিক্রেতারা জানান।

রাষ্ট্রায়ত্ত বিপণনকারী প্রতিষ্ঠান টিসিবির হিসেবে এক মাসের ব্যবধানে মোটা চালের দাম বেড়েছে ৪ দশমিক ২৯ শতাংশ। আর এক বছরের ব্যবধানে বেড়েছে ১০ দশমিক ৬১ শতাংশ।

দিনাজপুর জেলা চালকল মালিক সমিতির সাধারণ সম্পাদক শহীদুর রহমান পাটোয়ারি মোহন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, একমাসের ব্যবধানে মোটা ধানের দাম মণপ্রতি ৬০ টাকা পর্যন্ত বেড়েছে।

“আমরা বর্তমানে মোটা চাল ৩১ থেকে সাড়ে ৩১ টাকায় বিক্রি করছি। এতে আমাদের লোকসান হচ্ছে। কারণ ধানের দাম বেড়েছে। সেই হারে চালের দাম বাড়েনি।

“ধানের দাম দেড় টাকা বাড়লে চালের দাম আড়াই টাকা বাড়ার কথা। কিন্তু তা বাড়েনি। চালের দামও দেড় টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে।”