মেঘালয়ের বৃক্ষ ও তাঁতপণ্যের প্রদর্শনী সিলেটে
বাংলাদেশের সীমান্ত জেলা সিলেটে বৃক্ষ ও তাঁতপণ্যের প্রদর্শনী করতে যাচ্ছে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মেঘালয়।
ঢাকায় ভারতের হাই কমিশনার পঙ্কজ সরণ মঙ্গলবার সিলেটের মেট্রো হোটেল ইন্টারন্যাশনালে এ প্রদর্শনী উদ্বোধন করবেন বলে হাই কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
ঢাকার ভারতীয় হাই কমিশনের সহযোগিতায় যৌথভাবে প্রদর্শনীর আয়োজন করছে মেঘালয়ের ডিপার্টমেন্ট অফ হর্টিকালচার এবং দেশটির ন্যাশনাল স্কিলস ফাউন্ডেশন।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী এবং মেঘালয়ের কৃষি সচিব পোচিসতার খারকঙ্গোর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।
প্রদর্শনীতে ২০ জন উদ্যোক্তা তাদের উৎপাদিত পণ্য প্রদর্শন করবে।
