২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাড়তি দামে পণ্য বিক্রি করায় চট্টগ্রামে ৪ জনকে সাজা

মূল্য তালিকা না টাঙানো এবং বেশি দামে সবজি বিক্রি করায় চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজারের এক আড়তদারসহ চারজনকে সাজা দিয়েছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jul 2014, 04:00 PM

Updated : 25 Apr 2022, 04:23 PM

মঙ্গলবার দুপুরে চট্টগ্রামের জেলা প্রশাসক মেজবাহ উদ্দিনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন- বিছমিল্লাহ বাণিজ্যালয়ের মালিক মো. মহসিন, নাহার ট্রেডার্সের কর্মচারী সুমন, মো. কবির ও রাসেল।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুল হাসান জানান, প্রত্যেককে এক মাসের কারাদণ্ডের পাশাপাশি আড়তদার মহসিনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে ভ্রাম্যমাণ আদালতের অভিযান শুরু করে। এসময় আদালতের সঙ্গে ছিলেন রিয়াজ উদ্দিন বণিক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক ছালামত আলী।

প্রথমেই একটি খুচরা সবজির দোকানে কাঁচা মরিচ ও শসার দাম জানতে চান জেলা প্রশাসক। এসময় দোকানকর্মী রাসেল কাঁচা মরিচ প্রতি কেজি ১০০ টাকা এবং শসা ৬০ টাকা কেজি দরে বিক্রির কথা জানান।

তবে উপস্থিত ক্রেতারা অভিযোগ করেন, অভিযানের আগে ওই দোকানে শসা ৮০ টাকা কেজিতে বিক্রি করা হচ্ছিল।

এসময় রাসেল কোনো মূল্য তালিকা ও পণ্য কেনার রসিদ দেখাতে পারেননি। পরে তাকে ও কবির নামে দোকানের আরেক বিক্রেতাকে আটক করা হয়।

এরপর আদালত বিছমিল্লাহ বাণিজ্যালয়ে গিয়ে শসার দাম জানতে চাইলে আড়তের মালিক মহসিন জানান, সোমবার রাতে পাইকারিতে ৪০ টাকা ও মঙ্গলবার সকালে ৬০ টাকা কেজি দরে শসা বিক্রি করেছেন।

দাম বৃদ্ধির কারণ জানতে চাইলে মহসিন বলেন, সরবরাহ কম কিন্তু ক্রেতা বেশি। যে ক্রেতা বেশি দামে কিনতে পারছে তার কাছে বিক্রি করা হচ্ছে।

আর মূল্য তালিকা না থাকায় নাহার ট্রেডার্স নামের একটি দোকানের বিক্রেতা রাসেলকে আটক করা হয়।

পরে তাদের সাজা দেন ভ্রাম্যমাণ আদালত।

অভিযান চলাকালে খুচরা বাজারে সবজির দাম কমে যায়। এসময় কাঁচা মরিচ প্রতি কেজি ৪০, শসা ৬০, টমেটো ৫০ ও বেগুন ৫০ টাকায় বিক্রি হতে দেখা যায়।

পুরনো খবর:

চট্টগ্রামে সবজির দাম দ্বিগুণ