২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে সবজির দাম দ্বিগুণ

এক সপ্তাহের ব্যবধানে কাঁচা মরিচ, বেগুনসহ সব ধরনের সবজির দাম বেড়ে দ্বিগুণ হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jun 2014, 09:16 PM

Updated : 13 Oct 2022, 12:17 PM

রমজান শুরুর আগে রোববার ও শনিবার হঠাৎ করেই বন্দর নগরীর বাজারে কাঁচা মরিচ, বেগুন, টমেটো, পেঁয়াজ, আলুর দাম বেড়ে যায়।

এরমধ্যে কাঁচা মরিচের দাম বেড়েছে কেজিতে  ৬০ থেকে ৮০ টাকা পর্যন্ত। নগরীতে কাঁচা মরিচ বিক্রি হয়েছে সর্বোচ্চ ১৩০ টাকা থেকে সর্বনিম্ন ১০০ টাকা কেজি দরে।

গত বৃহস্পতিবার চট্টগ্রামে ৪০ টাকা কেজিতে কাঁচা মরিচ বিক্রি হয়। সাপ্তাহিক বন্ধের দিন শুক্রবার থেকে মরিচের দাম বাড়তে শুরু করে।

শনিবার নগরীর সব এলাকায় গড়ে কেজিপ্রতি একশ’ টাকায় বিক্রি হয় কাঁচা মরিচ। 

দাম বৃদ্ধির দৌঁড়ে মরিচের পরই রয়েছে বেগুন। নগরীর বাজারগুলোতে ৮০ টাকা কেজি দরে বেগুন বিক্রি হচ্ছে, যা গত সপ্তাহে বিক্রি হয়েছে কেজি প্রতি ৩০ টাকা দরে।

সবজির মধ্যে শশা ও বরবটির দাম গত সপ্তাহের তুলনায় দ্বিগুণ হয়েছে। নগরীর বাজারে শশা গত সপ্তাহের ৩০-৩৫ টাকা থেকে বেড়ে কেজি প্রতি ৭০ টাকা দরে এবং বরবটি ৩০-৩৫ টাকা থেকে বেড়ে ৫৫ থেকে ৬০ টাকায় বিক্রি হচ্ছে।

দ্বিগুণ হয়েছে কাকরোল এবং পটলের দামও।  গত সপ্তাহে ৩০ টাকা কেজি দরে বিক্রি হওয়া এ দুইটি সবজির দাম বেড়ে বিক্রি হচ্ছে ৬০ টাকায়।

আলুর দাম গত সপ্তাহের তুলনায় ৫ টাকা বেড়ে ২৫ টাকা কেজি দরে  এবং পেঁয়াজের দাম কেজি প্রতি ১২ থেকে ১৭ টাকা বৃদ্ধি পেয়ে ৪০ থেকে ৪৫ টাকায় বিক্রি হচ্ছে।

এছাড়া টমেটোর দামও গত সপ্তাহের তুলনায় ২০ টাকা বেড়ে ৬০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে।

বাজারে মাছ ও মুরগির দামও বাড়তির দিকে। গত সপ্তাহের রুই প্রতি কেজিতে ৫০ টাকা বেড়ে ৩০০ টাকা কেজি দরে, তেলাপিয়া কেজিতে ৩০ টাকা বেড়ে ১৫০ টাকা ও ফার্মের কই কেজিতে ৫০ টাকা বেড়ে ৩০০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে।

ফার্মের মুরগি দাম দুই দিনের ব্যবধানে পাঁচ টাকা বেড়ে ১৫৫ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।

নগরীর কাজীর দেউড়ি বাজারে আসা ক্রেতা সাইফুল ইসলাম বলেন, বিক্রেতারা প্রতিবারই কোনো না কোনো অজুহাতে জিনিসের দাম বাড়ায়। এবায় লাগমহীন অবস্থা সবজির বাজারে।

“দুই দিন আগের তুলনায় তিনগুণ বেশি দামে কাঁচা মরিচ বিক্রি কোন যুক্তিতে ন্যায্য?”

নগরীর সবচেয়ে বড় পাইকারি বাজার রিয়াজ উদ্দিন বাজারের ব্যবসায়ী আবদুর রাজ্জাক বলেন, “গত সপ্তাহের টানা বৃষ্টিতে বাজারে সবজির সরবরাহ কমে গেছে। পচনশীল হওয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজটে অনেক পণ্য নষ্ট হচ্ছে।

“রমজান হওয়ায় চাহিদাও বেড়েছে। সব মিলিয়ে দাম হঠাৎ বেড়ে গেছে। তবে সরবরাহ স্বাভাবিক হলে দাম কমবে।”