ব্যাংক ও পুঁজিবাজারে মঙ্গলবার লেনদেন বন্ধ
অর্থবছরের প্রথম দিন মঙ্গলবার বিদায়ী বছরের হিসাব হালনাগাদের কাজের জন্য ব্যাংকগুলোতে লেনদেন বন্ধ থাকবে।
একই কারণে বাংলাদেশের দুই পুঁজিবাজার ঢাকা এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও কোনো লেনদেন হবে না।
‘জুন ক্লোজিং’র কারণে ১ জুলাই ব্যাংক ও পুঁজিবাজারে লেনদেন বন্ধ থাকে।
লেনদেন বন্ধ থাকলেও বাংলাদেশ ব্যাংকসহ সব ব্যাংকের প্রধান কার্যালয় ও গুরুত্বপূর্ণ শাখা মঙ্গলবার খোলা থাকবে।
ডিএসই এবং সিএসই’র সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ব্যাংক হলিডের কারণে মঙ্গলবার পুঁজিবাজারে লেনদেন বন্ধ থাকবে।
৩১ ডিসেম্বর ব্যাংকগুলো পঞ্জিকা বছরের আর্থিক হিসাব শেষ করে। এদিন বিভিন্ন শাখা থেকে পাঠানো হিসাব একত্রিত করে পুরো বছরের আর্থিক প্রতিবেদন প্রস্তুত করা হয়। যে কারণে এদিনটিকে ‘ব্যাংক হলিডে’ হিসেবে ধরা হয়।
একইভাবে ১ জুলাইও ব্যাংক হলিডে হিসেবে পালন করা হয়ে থাকে। ওই দিন ব্যাংকগুলোতে অর্ধবার্ষিকী প্রতিবেদন করা হয়।
