২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কর তুলে নেয়ার পর চাঙা পুঁজিবাজার  

প্রস্তাবিত বাজেটে পুঁজিবাজারে বিনিয়োগকারীদের লাভের ওপর করারোপের (গেইন ট্যাক্স) যে প্রস্তাব করা হয়েছিল, তা প্রত্যাহারের পরদিনই দুই পুঁজিবাজারে সূচক বেড়েছে দেড় শতাংশের ওপর।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jun 2014, 04:34 PM

Updated : 22 Aug 2022, 06:36 PM

রোববার দিন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক প্রায় ৭৮ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৪৮৭ পয়েন্ট হয়েছে।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে দিন শেষে সিএসই সূচক প্রায় ১৩৯ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৫৪১ পয়েন্ট হয়েছে।

আগামী অর্থবছরের বাজেট প্রস্তাবনায় পুঁজিবাজারে লাভের পর কর আরোপ করেছিলেন অর্থমন্ত্রী। তবে প্রধানমন্ত্রীর অনুরোধে শনিবার সংসদে তা প্রত্যাহারে ঘোষণা দেন তিনি।    

তার প্রভাবেই সপ্তাহের প্রথম দিনে পুঁজিবাজারে চাঙাভাব দেখা গেছে বলে মনে করেন সিএসইর ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ সাজিদ হোসেন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গেইন ট্যাক্স প্রত্যাহারের খবরেই পুঁজিবাজারে চাঙাভাব দেখা যাচ্ছে।”

ফিনিক্স সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক এ কাদির চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আবাসন খাতে কালো টাকা সাদার সুযোগে পুঁজিবাজারে ভালো প্রভাব পড়বে।”

কালো টাকা সাদা করার সুযোগ দেয়ার বিপক্ষে বরাবর মত দিয়ে এসে এবারো আবাসন খাতে বিনিয়োগের শর্তে এই সুযোগ রাখার ঘোষণা দিয়েছেন অর্থমন্ত্রী।

কাদির চৌধুরী আরো বলেন, “রাজনৈতিক স্থিতিশীলতা আসার সম্ভাবনা দেখা দিয়েছে, ইন্ডিয়ার সঙ্গে সম্পর্ক ভাল হচ্ছে, হরতাল কমে যাবে, অর্থনীতি  ঘুরে দাঁড়াবে, এর প্রভাবও আছে বাজারে।”

রোববার ডিএসইতে হাতবদল হয়েছে প্রায় ৩৯০ কোটি টাকার শেয়ার, যা আগের দিনের চেয়ে প্রায় ৮৭ কোটি টাকা বেশি।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে দিন শেষে লেনদেন ৩৩ কোটি টাকায় দাঁড়িয়েছে, যা আগের দিনের চেয়ে প্রায় ২ কোটি টাকা বেশি।

ডিএসইতে লেনদেনে থাকা কোম্পানিগুলোর শেয়ারের মধ্যে ২৩৬টির দাম বেড়েছে, কমেছে ৪৪টির এবং অপরিবর্তিত রয়েছে ১৬টির দাম।

ডিএসইর বাছাই সূচক ডিএস-৩০ আগের দিনের চেয়ে প্রায় ২২ পয়েন্ট বেড়ে এক হাজার ৬৩৯পয়েন্ট হয়েছে।

গত সপ্তাহে ৮১ পয়েন্ট সার্বিক সূচক বেড়েছে ডিএসইতে, দৈনিক গড়ে লেনদেন হয়েছে ২৮৭ কোটি টাকার শেয়ার ।

আগের সপ্তাহ ৮০ পয়েন্ট সার্বিক সূচক কমে ডিএসইতে, দৈনিক গড়ে লেনদেন হয় ২৭৯ কোটি টাকার শেয়ার ।

সোমবার থেকে রমজান শুরু হবে বলে সেদিন থেকে দুই পুঁজিবাজারে লেনদেন সকাল সাড়ে ১০টায় শুরু হয়ে দুপুর দেড়টা পর্যন্ত চলবে।

ঈদের ছুটির পর আবার লেনদেনের শেষ সময় বেলা আড়াইটায় ফিরে যাবে বলে জানানো হয়েছে।   

পুরনো খবর:

‘গেইন ট্যাক্স’ প্রত্যাহার
রোজায় পুঁজিবাজারে লেনদেন ৩ ঘণ্টা