‘পর্যটক আকর্ষণে কক্সবাজারে কার্নিভালের পরিকল্পনা’
বিদেশি পর্যটকদের আকৃষ্ট করতে কক্সবাজারে তিনদিনের ‘কার্নিভাল’ আয়োজনের পরিকল্পনা করা হচ্ছে বলে জানিয়েছেন পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন।
বুধবার জাতীয় প্রেসক্লাবে পর্যটন বিষয়ক সাংবাদিকদের ফেলোশিপ প্রদান অনুষ্ঠানে পর্যটনমন্ত্রী বলেন, “বিভিন্ন কারণে কক্সবাজার বিদেশি পর্যটকদের কাছে এখন আর অতোটা আকর্ষণীয় নয়। তাই আমরা চিন্তা করছি, কীভাবে কক্সবাজারকে পুণরায় পর্যটকদের কাছে আকর্ষণীয় করে তোলা যায়।”
তিনি বলেন, “যদি দেশের রাজনৈতিক পরিস্থিতি ঠিক থাকে এবং বড় ধরনের কোনো দুর্যোগ না হয় তাহলে আগামী ডিসেম্বরে কক্সবাজারে তিনদিনের কার্নিভাল করা হবে। দেশ-বিদেশের পর্যটন সংশ্লিষ্টরা সেখানে অংশ নেবেন।”
এছাড়া দেশের সংরক্ষিত ট্যুরিস্ট স্পটগুলো সংরক্ষণের গুরুত্বও তুলে ধরেন পর্যটনমন্ত্রী।
‘এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্ট ফোরাম অফ বাংলাদেশ’ (এটিজেএফবি) আয়োজিত এই অনুষ্ঠানের সহযোগী ছিলো বাংলাদেশ ট্যুরিজম বোর্ড।
অনুষ্ঠানে প্রিন্ট, ইলেক্ট্রনিক ও অনলাইন মিডিয়া থেকে ১০ জন সাংবাদিককে ফেলোশিপ দেয়া হয়।
এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পর্যটন সচিব খোরশেদ আলম চৌধুরী, ট্যুরিজম বোর্ডের সিইও আক্তারুজ্জামান খান কবির, পর্যটন বিষয়ক বিচিত্রা বাংলাদেশ মনিটর-এর সম্পাদক কাজী ওয়াহেদুল আলম, এটিজেএফবি-এর আহবায়ক নাদিরা কিরণ প্রমুখ।
