২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিক্রয় ডটকমে ২ বছরে ৩২ লাখ বিজ্ঞাপন

দুই বছরে ৩২ লাখেরও বেশি বিজ্ঞাপন প্রকাশ করেছে অনলাইন মার্কেটপ্রেস বিক্রয় ডটকম।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jun 2014, 10:50 PM

Updated : 22 Aug 2022, 06:34 PM

মঙ্গলবার বিক্রয় ডটকমের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতিদিন ৯ হাজার ক্লাসিফাইড বিজ্ঞাপন প্রকাশ করছে ওয়েবসাইটটি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অনলাইন মার্কেটপ্লেসে যাত্রার প্রথম তিন মাস অর্থাৎ জুন-অগাস্ট ২০১২ সময়ে বিক্রয় ডটকম ২৬ হাজার বিজ্ঞাপন পেয়েছিল।

২০১৪ সালের মার্চ থেকে মে পর্যন্ত বিজ্ঞাপনের হার বেড়ে ৮ লাখ ২৭ হাজারে গিয়ে দাঁড়িয়েছে।

ব্যবসা-বাণিজ্যের দিক থেকে দেশের শীর্ষ চারটি শহরের মধ্যে ২০১৪ সালে ঢাকা থেকে এসেছে বিজ্ঞাপনের ৭৯ শতাংশ। চট্টগ্রাম, সিলেট ও খুলনায় এ হার যথাক্রমে ১৩ শতাংশ, ৬ শতাংশ ও ২ শতাংশ।

কেনাবেচার জন্য মার্কেটপ্লেসের সবচেয়ে জনপ্রিয় পণ্যগুলো হচ্ছে মোবাইল ফোন, ল্যাপটপ, প্রোপার্টিস এবং প্রাইভেট কার ও যানবাহন।

২০১৪ সালে এ অনলাইন মার্কেটপ্লেসে প্রায় ৬ লাখ মোবাইল ফোন এবং ১ লাখের বেশি প্রাইভেট কার ও যানবাহনের বিজ্ঞাপন প্রকাশিত হয়েছে।

এছাড়া সোফা, পোশাক, ক্রিকেট সরঞ্জাম, পাখি, চাকুরি ও সেবার বিজ্ঞাপন দিনদিন বেড়েই চলেছে।

বিক্রয় ডটকমের বিপণন ব্যবস্থাপক ঈশিতা শারমিন বলেন, “বিক্রয় ডটকম পাল্টে দিয়েছে আমাদের কেনা-বেচার ধরনকে। ব্যবহৃত পণ্য কেনা-বেচার মাধ্যমে পণ্যের পুনঃব্যবহারের সুযোগ করে দিতে পেরে আমরা গর্বিত। এর ফলে সহজেই আমাদের জীবনযাত্রার মান উন্নত হচ্ছে।”

২০১২ সালের জুনে কার্যক্রম শুরু করে বিক্রয় ডটকম। অ্যালেক্সা রেটিং অনুযায়ী বাংলাদেশের স্থানীয় ওয়েবসাইটগুলোর মধ্যে এর অবস্থান অষ্টম।