কোনো চিঠি পাঠাইনি: নজরুল
বাংলাদেশের পোশাক শিল্প নিয়ে ষড়যন্ত্রের অভিযোগ তুলে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ নিজেদের ব্যর্থতা ঢাকার অপপ্রয়াস চালাচ্ছেন বলে দাবি করেছেন বিএনপি নেতা নজরুল ইসলাম খান।
মন্ত্রীর বক্তব্যের প্রতিক্রিয়ায় তিনি বলেছেন,“তোফায়েল আহমেদ নিজের ব্যর্থতা ঢাকতে আমাদের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ করেছেন। তিনি মিথ্যাচার করেছেন।
“আমরা কখনো দেশের পোশাক শিল্পের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সরকার কিংবা সেখানকার কোনো সংস্থার কাছে কোনো চিঠি দিইনি।”
রোববার রাতে জেনেভা রওনা হওয়ার আগে সাংবাদিকদের কাছে এই প্রতিক্রিয়া জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং শ্রমিক দলের সাবেক সভাপতি নজরুল।
আগামী মঙ্গলবার জেনেভার ইন্ডাস্ট্রিঅল এক্সকিটিভ বোর্ডের বৈঠকে যোগ দিতে তিনি সুইজারল্যান্ড রওনা হয়েছেন। আগামী ২৮ জুন তিনি দেশে ফিরবেন।
তোফায়েল আহমেদ সকালে এক সংবাদ সম্মেলনে বলেন, “গার্মেন্ট ইন্ডাস্ট্রি নিয়ে আজো ষড়যন্ত্র চলছে। আমি আমেরিকা না গেলে এই বিষয়ে জানতেই পারতাম না। বাংলাদেশের কয়েকজন শ্রমিক নেতা গোপনে যুক্তরাষ্ট্রকে চিঠি দিয়েছেন।”
নজরুল ইসলাম খানের সঙ্গে আওয়ামী লীগ সমর্থিত শ্রমিক সংগঠন শ্রমিক লীগের সাবেক সাধারণ সম্পাদক রায় রমেশ চন্দ্র ওই চিঠি পাঠান বলে দাবি করেন বাণিজ্যমন্ত্রী।
“আমি একবছরের বেশি সময় ধরে ইন্ডাস্টিঅল সংগঠনের চেয়ারম্যান। আমরা বাংলাদেশের পোশাক শিল্পের বিষয়ে যুক্তরাষ্ট্রকে কখনোই চিঠি দিইনি।”
নজরুল পাল্টা দাবি করেন, ২০০৭ সালে রমেশ চন্দ্রের সঙ্গে যৌথভাবে একটি চিঠি তিনি যুক্তরাষ্ট্রে পাঠিয়েছিলেন, তবে তা ছিল জিএসপি সুবিধা যাতে বাতিল না করা হয়, সেজন্য।
“যুক্তরাষ্ট্র ট্রেড ইউনিয়নের কাছে অনুরোধ করে ওই চিঠি দিয়েছিলাম। ওই চিঠির ফলে ওই সময়ে জিএসপি সুবিধা বাতিল হয়নি।”
তাজরীন ফ্যাশনসে অগ্নিকাণ্ডে শতাধিক এবং রানা প্লাজা ধসে সহস্রাধিক পোশাক শ্রমিকের প্রাণহানির প্রেক্ষাপটে গত বছর যুক্তরাষ্ট্র তাদের বাজারে বাংলাদেশি পণ্যের শুল্কমুক্ত (জিএসপি) সুবিধা বাতিল করে।
প্রবীণ শ্রমিক নেতা নজরুল বলেন,“তোফায়েল আহমেদের মতো একজন নেতার কাছ থেকে আমরা এরকম ভিত্তিহীন বক্তব্য আশা করিনি। তিনি এরকম কথা বলতে পারেন, এটা বিশ্বাস করতে আমাদের কষ্ট হচ্ছে।”
