পোশাক শিল্প নিয়ে ‘ষড়যন্ত্রে’ আ. লীগ নেতা!
বাংলাদেশের পোশাক কারখানা নিয়ে ‘অপপ্রচারে’ বিএনপির সঙ্গে আওয়ামী লীগের এক নেতা জড়িত বলে দাবি করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
সম্প্রতি যুক্তরাষ্ট্র সফর করে আসা মন্ত্রী রোববার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এই দাবি করে বলেন, “গার্মেন্ট ইন্ড্রাস্টি নিয়ে আজো ষড়যন্ত্র চলছে। আমি আমেরিকা না গেলে এই বিষয়ে জানতেই পারতাম না।”
বাণিজ্যমন্ত্রী বলেন, বাংলাদেশের কয়েকজন শ্রমিক নেতা গোপনে যুক্তরাষ্ট্রকে চিঠি দিয়েছেন। ‘ইন্ডাস্ট্রিঅল’ নামে একটি সংগঠনের প্রধান বিএনপি নেতা নজরুল ইসলাম খানের সঙ্গে এতে যুক্ত আওয়ামী লীগ নেতা রায় রমেশ চন্দ্রও।
“তাদের বিরুদ্ধে (অভিযোগকারী) ব্যবস্থা নেয়ার বিষয়ে চিন্তা করতে হবে। শ্রমিক হিসাবে কারখানায় কাজ না করেই কিছু লোক শ্রমিক নেতা হয়েছেন।”
নজরুল ইসলাম বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী শ্রমিক দলের সাবেক সভাপতি। রায় রমেশ আওয়ামী লীগ সমর্থিত শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ছিলেন।
যুক্তরাষ্ট্র সফর নিয়ে এই সংবাদ সম্মেলনে তোফায়েল দাবি করেন, বাংলাদেশ নিয়ে ওয়াশিংটনের যেসব ভুল ধারণা ছিল এই সফরে তা নিরসন করতে পেরেছেন।
তাজরীন ফ্যাশনসে অগ্নিকাণ্ডে শতাধিক এবং রানা প্লাজা ধসে সহস্রাধিক পোশাক শ্রমিকের প্রাণহানির প্রেক্ষাপটে বাংলাদেশের পোশাক শিল্পে কর্মপরিবেশ নিয়ে বিদেশিদের অসন্তোষ রয়েছে।
এর মধ্যে যুক্তরাষ্ট্র তাদের বাজারে বাংলাদেশি পণ্যের শুল্কমুক্ত (জিএসপি) সুবিধা বাতিল করে।
তোফায়েল বলেন, “জিএসপি না দেয়ার আমার সামনে কোনো কারণ নেই। জিএসপি না দেয়া হলে সেটা রাজনৈতিক কারণে হবে।”
এই প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশের পোশাক কারখানাগুলোতে ট্রেড ইউনিয়ন করার সুযোগ দেয়া হলেও যুক্তরাষ্ট্রের মাত্র ৭ শতাংশ বেসরকারি কারখানা এবং ৩৫ শতাংশ সরকারি কারখানায় ট্রেড ইউনিয়ন রয়েছে।
ফাইল ছবি
তিনি বলেন, অ্যাকর্ড ও অ্যালায়েন্সের পরিদর্শনের পর বাংলাদেশের ২০টি পোশাক কারখানা বন্ধ করে দেয়া হয়েছে। ২০ হাজার শ্রমিক চাকরিচ্যুত হয়েছে।
“অ্যালয়েন্সে এসব চাকরিচ্যুত শ্রমিকদের দেড় মাসের বেতন দিলেও অ্যাকর্ড কোনো টাকা দেয় না। বাকি দেড় মাসের বেতন দেয় কারখানা কর্তৃপক্ষ।”
বাংলাদেশের শ্রম আইন অনুযায়ী, কোনো শ্রমিককে চাকরিচ্যুত করতে হলে তিন মাসের বেতন দিতে হয়।
বাংলাদেশের পোশাক শিল্পে কর্মপরিবেশের উন্নয়নে যুক্তরাষ্ট্রসহ উত্তর আমেরিকার ক্রেতাদের জোট অ্যালায়েন্স এবং ইউরোপের ক্রেতাদের জোট অ্যাকর্ড নামে পরিচিত।
