চাল রপ্তানিতে আরো এক বছরের নিষেধাজ্ঞা
সুগন্ধি চাল ছাড়া সব ধরনের চাল রপ্তানির ওপর নিষেধাজ্ঞার মেয়াদ আরো এক বছর বাড়িয়েছে সরকার।
আগামী ১ জুলাই থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হয়ে ২০১৫ সালের ৩০ জুন পর্যন্ত বলবৎ থাকবে।
দেশীয় বাজারে চাল সরবরাহ স্বাভাবিক, মূল্য নিয়ন্ত্রণ ও মূল্যের উর্ধ্বগতি রোধে সম্প্রতি বাণিজ্য মন্ত্রণালয় এ সংক্রান্ত আদেশ জারি করে।
চালের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রেক্ষিতে বিগত তত্ত্বাবধায়ক সরকার ২০০৮ সালে প্রথম চাল রপ্তানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করে।
পরবর্তীতে কয়েক ধাপে এই নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানো হয়।
বাণিজ্য মন্ত্রণালয়ের আদেশে বলা হয়েছে, ‘আমদানি এবং রপ্তানি নিয়ন্ত্রণ আইন ১৯৫০’-এর প্রদত্ত ক্ষমতাবলে সরকার অভ্যন্তরীণ বাজারে চালের সরবরাহ বৃদ্ধি, বাজারমূল্য নিয়ন্ত্রণ ও মূল্যের উর্ধ্বগতি ও দুষ্প্রাপ্যতারোধ করার লক্ষ্যে নিষেধাজ্ঞার মেয়াদ বাড়িয়েছে।”
বাণিজ্য মন্ত্রণালয়ের অনুমোদন নিয়ে সুগন্ধি চাল রপ্তানি করা যায়।
এই সুগন্ধি চালের তালিকায় রয়েছে- কালজিরা, টিপিএল-৬২, চিনিগুড়া, চিনিআতপ, চিনিকানাই, বাদশাভোগ, কাটারিভোগ, মদনভোগ, রাধুনীপাগল, বাঁশফুল, জটা বাঁশফুল, বিন্নাফুল, তুলশী মালা, তুলশীআতপ।
এছাড়া তুলশীমনি, মধুমালা, খোরমা, সাককুর খোরমা, নুনিয়া, পশুশাইল, বিআর-৫ (দুলাভোগ), ব্রি ধান-৩৪, ব্রি ধান-৩৭, ব্রি ধান-৩৮, ব্রি ধান-৫০ সুগন্ধি চাল হিসেবে চিহ্নিত করেছে সরকার।
