২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সোমবার থেকে চট্টগ্রামে বাজার তদারকি শুরু

রমজানকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার নিয়ন্ত্রণে রাখতে সোমবার থেকে চট্টগ্রাম নগরীতে বাজার তদারকি শুরু হচ্ছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jun 2014, 07:32 PM

Updated : 22 Aug 2022, 06:33 PM

রোববার চট্টগ্রামের জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

জেলা প্রশাসক জানান, রমজানকে সামনে রেখে বাজার দর নিয়ন্ত্রণের জন্য ১৭টি পাইকারি ও খুচরা বাজার তদারকি করা হবে।

পাঁচজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পাঁচটি দল পর্যবেক্ষণের দায়িত্বে থাকবে বলে জানান তিনি।

জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন বলেন, “রমজানে কিছু অসাধু ব্যবসায়ী ভোগ্য পণ্যের কৃত্রিম সংকট সৃষ্টি করে অধিক মুনাফা লাভের জন্য দাম বাড়ায়।”

বাজার নিয়ন্ত্রণে এবছর নগরীতে এলাকাভিত্তিক ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হবে জানিয়ে তিনি আরো বলেন, “ধর্মীয় বিষয়গুলো তুলে ধরে ব্যবসায়ীদের মাঝে সচেতনতামূলক প্রচারপত্র বিলি করা হবে।”

বাজারে মূল্য তালিকা টাঙিয়ে রাখার পাশাপাশি পণ্য ক্রয়ের রশিদও সাথে রাখার জন্য ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান জেলা প্রশাসক।

এছাড়া বিভিন্ন বাজার সম্পর্কে ভোক্তাদের অভিযোগ ও পরামর্শ জানানোর জন্য বিভিন্ন ক্যাবল অপারেটরদের দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেটদের মোবইল নম্বর দিয়ে প্রচারণা চালানো হবে বলেও জানান জেলা প্রশাসক।

সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো.ইলিয়াস হোসেন, চট্টগ্রাম চেম্বারের সহ-সভাপতি জামাল উদ্দিন আহমেদ, পরিচালক মাহফুজুল হক শাহ, দোকাল মালিক সমিতির কার্যকরী সভাপতি সালেহ আহামদ সোলায়মান, নগর পুলিশের বিশেষ শাখার সহকারী কমিশনার নজরুল ইসলাম জেলা বাজার কর্মকর্তা ইমাম হোসেন।