‘গার্মেন্ট নিয়ে আরো মনোযোগী হতে বলেছেন বিসওয়াল’
যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়ালসহ দেশটির জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
স্থানীয় সময় বুধবার যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে প্রেসিডেন্ট বারাক ওবামার প্রশাসনের দক্ষিণ এশিয়া এবং ব্যবসা ও বাণিজ্যসহ শ্রমিক অধিকার নিয়ে কর্মরত শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে পৃথক পৃথক বৈঠকে মিলিত হন তিনি।
দেশটির বাণিজ্য দপ্তর ‘ইউনাইটেড স্টেটস ট্রেড রিপ্রেজেনটেটিভ’ (ইউএসটিআর)-এর রাষ্ট্রদূত মাইকেল ফ্রম্যানের সঙ্গে এবং ইউএসটিআর-এ জিএসপি সম্পর্কিত প্রধান উইলিয়াম জ্যাকসনের সঙ্গেও বৈঠক করেছেন বানিজ্যমন্ত্রী। এছাড়া বিজিএমইএ সভাপতি আতিকুল ইসলাম ও বিকেএমইএর ভারপ্রাপ্ত সভাপতি মো. হাতেমও সাক্ষাৎ করেছেন যুক্তরাষ্ট্রের সিনেটে পররাষ্ট্র বিষয়ক কমিটির চেয়ারম্যান সিনেটর রবার্ট মেনেনদেজের সঙ্গে।
সহকারী পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের বিষয়ে ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের কমার্স কাউন্সেলর শামসুল ইসলাম বলেন, “সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাইয়ের সাথে বৈঠকটি অত্যন্ত হৃদ্যতাপূর্ণ পরিবেশে হয়েছে। মিসেস দেশাই বলেছেন, তৈরি পোশাক শিল্পের শ্রমিকদের জীবন-মানের উন্নয়নের পাশাপাশি কর্মপরিবেশ নিরাপদ করার লক্ষ্যে বাংলাদেশ অনেক অগ্রগতিসাধনে সক্ষম হয়েছে। বাংলাদেশকে এ ব্যাপারে আরো মনোযোগী হতে হবে।"
এছাড়া দক্ষিণ এশিয়ার আঞ্চলিক নিরাপত্তার ক্ষেত্রে বাংলাদেশের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ মন্তব্য করে এ বিষয়ে মিয়ানমার ও ভারতের সঙ্গে আরো ঘনিষ্ঠভাবে কাজ করতে আহ্বান জানিয়েছেন তিনি।
বৈঠকে জিএসপি সুবিধা পুনর্বহালের লক্ষ্যে বাংলাদেশ সরকারের নেয়া বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল।
ওই বৈঠক সম্পর্কে জানতে চাইলে নাম প্রকাশ না করার শর্তে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বাংলাদেশের বানিজ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে দ্বিপক্ষীয় ও আঞ্চলিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেছেন।”
তাদের আলোচনায় শ্রমিকদের নিরাপত্তার পাশাপাশি দ্বিপক্ষীয় ব্যবসা-বাণিজ্য আরো বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়।
এদিকে দুপুরে ক্যাপিটল হিলে সিনেটে পররাষ্ট্র বিষয়ক কমিটির চেয়ারম্যান রবার্ট মেনেনদেজের সঙ্গে সাক্ষাৎ করেন বিজিএমইএ ও বিকেএমইএর দুই শীর্ষ কর্মকর্তাসহ সাবেক রাষ্ট্রদূত তৌফিক আলী।
গত এক বছরে বাংলাদেশে তৈরি পোশাক খাতের কর্মপরিবেশের উন্নয়নে অগ্রগতি হলেও এ বিষয়ে আরো কাজ বাকি রয়েছে বলে মন্তব্য করেন মেনেনদেজ।
বিজিএমইএ সভাপতি আতিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বাংলাদেশে শ্রমিকদের অবস্থা এবং গার্মেন্টস সেক্টর নিয়ে সিনেটে যে শুনানি হয়েছে সেখানে আমাদের আমন্ত্রণ জানালে প্রকৃত পরিস্থিতি সম্পর্কে ধারণা পাওয়া যেত। সেই শুনানি একতরফা হয়েছে বলে সিনেটরকে জানিয়েছি। নিকট ভবিষ্যতে যদি আবারো শুনানি হয় তাহলে আমরা যেন অবশ্যই আত্মপক্ষ সমর্থনের সুযোগ পাই-এ অনুরোধ করেছি। সিনেটর অনুরোধ রক্ষার আশ্বাস দিয়েছেন।”
