বিকেএমইএ নির্বাচন ৩০ অগাস্ট
দেশের রপ্তানি আয়ের অন্যতম প্রধান খাত নিট পোশাক শিল্প মালিকদের সংগঠন বিকেএমইএ’র পরিচালনা পর্ষদ নির্বাচন ৩০ অগাস্ট অনুষ্ঠিত হবে।
বুধবার নির্বাচন বোর্ড ২০১৪-১৬ মেয়াদের নির্বাচনের তফসিল ঘোষণা করেছে।
ঘোষিত তফসিল অনুযায়ী, নির্বাচনে ভোটার হওয়ার জন্য প্রয়োজনীয় কাগজপত্র জমা দেয়ার শেষ দিন ২ জুলাই। প্রাথমিক ভোটার তালিকা প্রকাশ হবে ১২ জুলাই।
২৩ জুলাই চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। মনোনয়নপত্র বিতরণ ২৪, ২৬ ও ২৭ জুলাই। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ১১ অগাস্ট।
৩০ অগাস্ট একযোগে নারায়ণগঞ্জ ক্লাবে এবং বিকেএমইএ ঢাকা অফিসে পরিচালনা পর্ষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।
অফিস বেয়ারার পদে (সভাপতি ও চার সহসভাপতি) নির্বাচন ০১ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে।
বিকেএমইএ’র সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ইতোমধ্যে এফবিসিসিআই’র সাবেক সহ-সভাপতি মোহাম্মদ আলীকে চেয়ারম্যান এবং এফবিসিসিআই এর পরিচালক প্রবীর কুমার সাহা ও নারায়ণগঞ্জ ক্লাবের সভাপতি আলহাজ্ব মো. সোলায়মানকে সদস্য করে নির্বাচন বোর্ড গঠন করা হয়েছে।
এছাড়া বাংলাদেশ কটন এসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ আইয়ুবকে চেয়ারম্যান করে নির্বাচন আপীল বোর্ড গঠন করা হয়। বিকেএমইএ সচিব সুলভ চৌধুরী নির্বাচন বোর্ডের সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।
