২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দেশ এনার্জির শেয়ার হস্তান্তরে স্থিতাবস্থা

দেশ এনার্জির শেয়ার হস্তান্তরে স্থিতাবস্থার নির্দেশ এসেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার বিচারপতির আদালত  থেকে।

সুপ্রিম কোর্ট প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2014, 03:49 PM

Updated : 22 Aug 2022, 06:27 PM

দুই উদ্যোক্তা পরিচালকের আবেদেন চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী রোববার স্থিতাবস্থার নির্দেশ দিয়ে এই সংক্রান্ত মামলাটি শুনানির জন্য আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠিয়ে দেন। বৃহস্পতিবার সেখানে এর শুনানি হবে।

‘দেশ এনার্জি’র দুই উদ্যোক্তা-পরিচালকের শেয়ার উপযুক্ত দামে কিনে নিতে কোম্পানির চেয়ারম্যান আনিসুল হক ও তার সহযোগীদের হাই কোর্ট আদেশ দিয়েছিল।

এরপর আনিসুল হকের করা একটি আবেদনে হাই কোর্টের ওই নির্দেশ স্থগিত করেন আপিল বিভাগের চেম্বার বিচারপতি।

ওই স্থগিতাদেশের পর দেশ এনার্জির দুই উদ্যোক্তা পরিচালক নূহের লতিফ খান ও তার বোন শাহপার সাবা আরেকটি আবেদন করেন। ওই আবেদনে স্থিতাবস্থার নির্দেশ আসে বলে তাদের আইনজীবী আখতার ইমাম জানিয়েছেন।

কোম্পানির নতুন শেয়ার যাতে ইস্যু না হয় এবং বিদ্যমান শেয়ার যাতে হস্তান্তর না হয়, সেজন্যই স্থিতাবস্থার আবেদন করা হয় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান তিনি।

উদীয়মান ব্যবসায়ী হিসাবে ২০১২ সালে পুরস্কার পাওয়া নূহের লতিফ খান মাত্র ২১ বছর বয়সে দেশ এনার্জি গড়ে তোলেন।

২০০৫ সালে প্রতিষ্ঠিত দেশ এনার্জি লিমিটেডের অধীনে সিলেটের কুমারগাঁওয়ে গ্যাসচালিত ও নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে তেলনির্ভর দুটি ভাড়াভিত্তিক বিদ্যুত কেন্দ্র রয়েছে, যার মোট উৎপাদন ক্ষমতা ১১০ মেগাওয়াট।

কোম্পানি শুরুর সময় নূহের-সাবা দুই ভাই-বোনের শেয়ার ছিল ৫০ শতাংশ, কিন্তু এখন সেটা ২০ শতাংশ হয়ে গেছে।

উল্টোদিকে আনিসুল হক ও তার ছেলে ৫১ শতাংশ শেয়ার দিয়ে কোম্পানির মালিকানায় ঢুকলেও বর্তমানে তাদের শেয়ার ৮০ শতাংশ।

আনিসুল হক বর্তমানে দেশ এনার্জির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান এবং তার ছেলে নাভিদুল প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক পদে রয়েছেন।

গত বছর ১৫ এপ্রিল আনিসুল হক ও তার ছেলে নাভিদুল হকের বিরুদ্ধে ভয়ভীতি দেখানো এবং অব্যবস্থাপনার মাধ্যমে কোম্পানিকে আর্থিক ক্ষতির মুখে ফেলার অভিযোগ এনে মামলা করেন নূহের ও তার বোন।

তাদের করা মামলায় গত ১৯ মে বিচারপতি মো. রেজাউল হাসানের একক হাই কোর্ট বেঞ্চ রায় দেয়, যাতে দুই উদ্যোক্তার শেয়ার উপযুক্ত দামে কিনে নিতে আনিসুল হক ও তার সহযোগীদের নির্দেশ দেয়া হয়।

আনিসুল হকের আবেদনে গত ১ জুন চেম্বার বিচারপতি হাই কোর্টের রায় স্থগিত করলে স্থিতাবস্থা চায় বাদী পক্ষ। তখন তাদের আলাদা আবেদন করার পরামর্শ দিয়েছিলেন বিচারক।

পুরনো খবর:

আনিসুল হককে শেয়ার কেনার নির্দেশ স্থগিত
আনিসুল হককে ‘উপযুক্ত’ দামে শেয়ার কেনার নির্দেশ