২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আনিসুল হককে শেয়ার কেনার নির্দেশ স্থগিত

‘দেশ এনার্জি’র দুই উদ্যোক্তা-পরিচালকের শেয়ার উপযুক্ত দামে কিনে নিতে কোম্পানির চেয়ারম্যান আনিসুল হক ও তার সহযোগীদের দেয়া হাই কোর্টের নির্দেশ চার সপ্তাহের জন্য স্থগিত করেছে আপিল বিভাগ।

সুপ্রিম কোর্ট প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jun 2014, 05:41 PM

Updated : 22 Aug 2022, 06:23 PM

এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি আনিসুল হকের করা একটি আবেদনের শুনানি করে রোববার আপিল বিভাগের চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী এই স্থগিতাদেশ দেন।

আদালতে আনিসুল হকের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার শেখ ফজলে নুর তাপস ও ব্যারিস্টার মো. মেহেদী হাসান চৌধুরী। অন্য দুই উদ্যোক্তার পক্ষে ছিলেন ব্যারিস্টার আখতার ইমাম।

মেহেদী হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা শুনানিতে বলেছি, ব্যাংক কোম্পানি আইন অনুসারে শেয়ার হস্তান্তর করতে হলে ব্যাংকের অনুমোদন নিতে হয়। হাই কোর্টের রায়ের মাধ্যমে সেই আইন লঙ্ঘিত হয়েছে।”

দেশ এনার্জির উদ্যোক্তা পরিচালক নূহের লতিফ খান ও তার বোন শাহপার সাবার করা একটি মামলায় গত ১৯ মে বিচারপতি মো. রেজাউল হাসানের একক হাই কোর্ট বেঞ্চ রায় দেয়, যাতে দুই উদ্যোক্তার শেয়ার উপযুক্ত দামে কিনে নিতে আনিসুল হক ও তার সহযোগীদের নির্দেশ দেয়া হয়।  

হাই কোর্টের রায়ের অনুলিপি পাওয়ার ৯০ দিনের মধ্যে স্বাধীন নিরীক্ষা প্রতিষ্ঠান দিয়ে নিরীক্ষা করে প্রতিষ্ঠানের শেয়ারের দাম নির্ধারণ করে সেই প্রতিবেদন অনুযায়ী শেয়ার কিনতে বিবাদী শেয়ার মালকিদের নির্দেশনা দেয়া হয়েছিল।

গত বছর ১৫ এপ্রিল আনিসুল হক ও তার ছেলে নাভিদুল হকের বিরুদ্ধে ভয়ভীতি দেখানো এবং অব্যবস্থাপনার মাধ্যমে কোম্পানিকে আর্থিক ক্ষতির মুখে ফেলার অভিযোগ এনে মামলা করেন নূহের ও তার বোন।

দেশ এনার্জিতে এই দুই ভাই-বোনের ২০ শতাংশ শেয়ার রয়েছে।

Image
আনিসুল হক (আনিসুল হক)

আনিসুল হক (আনিসুল হক)

আইনজীবী মেহেদী বলেন, “২০১৩ সালের ১৭ এপ্রিল পর্যন্ত নূহের লতিফ খান কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ছিলেন। ওই সময়ে তার কর্যাবলীর দায় তারই। হাই কোর্টের রায়ে এটা প্রতিফলিত হয়নি। আদালত উভয়পক্ষের শুনানি পর রায়ে স্থগিতাদেশ দিয়েছে।”

এদিকে আদালতের পরামর্শে কোম্পানিতে স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশনা চেয়ে আবেদন করার কথা বলেছেন নূহের ও শাহপারের আইনজীবী আখতার ইমাম।

তিনি বলেন, “আবেদনে কোম্পানির নতুন শেয়ার যাতে ইস্যু না হয় এবং বিদ্যমান শেয়ার যাতে হস্তান্তর না হয়- সে বিষয়গুলো থাকবে।”

কোম্পানি শুরুর সময় দুই ভাই-বোনের শেয়ার ছিল ৫০ শতাংশ, কিন্তু এখন সেটা ২০ শতাংশ হয়ে গেছে। উল্টোদিকে আনিসুল হক ও তার ছেলে ৫১ শতাংশ শেয়ার দিয়ে কোম্পানির মালিকানায় ঢুকলেও বর্তমানে তাদের শেয়ার ৮০ শতাংশ।

উদীয়মান ব্যবসায়ী হিসাবে ২০১২ সালে পুরস্কার পাওয়া নূহের লতিফ খান মাত্র ২১ বছর বয়সে দেশ এনার্জি গড়ে তোলেন।

২০০৫ সালে প্রতিষ্ঠিত দেশ এনার্জি লিমিটেডের অধীনে সিলেটের কুমারগাঁওয়ে গ্যাসচালিত ও নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে তেলনির্ভর দুটি ভাড়াভিত্তিক বিদ্যুত কেন্দ্র রয়েছে, যার মোট উৎপাদন ক্ষমতা ১১০ মেগাওয়াট।

আনিসুল হক বর্তমানে দেশ এনার্জির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান এবং তার ছেলে নাভিদুল প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক পদে রয়েছেন।

পুরনো খবর:

আনিসুল হককে ‘উপযুক্ত’ দামে শেয়ার কেনার নির্দেশ