২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হজযাত্রী বহনে নিয়মিত ফ্লাইটে কাটছাঁট করবে বিমান

নিয়মিত রুট কাটছাঁট করে হজ ফ্লাইট করার পরিকল্পনা নিয়েছে রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

আশিক হোসেন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jun 2014, 02:33 PM

Updated : 22 Aug 2022, 06:23 PM

বিমান কর্তৃপক্ষ বলছে, এ বছর হজ ফ্লাইট সম্পূর্ণ নিজেদের উড়োজাহাজে করার জন্যই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বিমানের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক ক্যাপ্টেন মোসাদ্দেক আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এ বছর বিমান বহরে থাকা নিজস্ব বোয়িং ৭৭৭ উড়োজাহাজ দিয়েই হজ ফ্লাইট পরিচালনা করা হবে। আর এ জন্য বিমানের নিয়মিত দিল্লি ও হংকং -এর দুটি রুটের সাময়িক বাতিল এবং আরো কয়েকটি রুটে ফ্লাইট কিছু কমিয়ে দেয়ার সিদ্ধান্ত হয়েছে।”

এক বছর বন্ধ থাকার পরে গত বছরের ৪ মে দিল্লি এবং ১৩ মে হংকং রুটে ফ্লাইট চালু করে বিমান। সেসময় বাজার যাচাই না করে রাজনৈতিক বিবেচনায় এ দুইটি রুট চালু করা হয়েছে বলে অভিযোগ ওঠে বিমানের বিরুদ্ধে। 

কোন কোন রুটে ফ্লাইট কমানো হচ্ছে তা নিয়ে বিস্তারিত কিছু বলতে রাজি হননি বিমানের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মোসাদ্দেক।

তবে বিমানের এক ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “প্রাথমিকভাবে লন্ডন, রিয়াদ, আবুধাবি, কুয়ালা লামপুর এবং রোমে কিছু ফ্লাইট কাঁটছাঁট করা হবে।”

এসব রুটে বোয়িং ৭৭৭-৩০০ ইআর উড়োজাহাজের বদলে বোয়িং ৭৭৭-২০০ ইআর মডেলের উড়োজাহাজ ব্যবহার করা হবে বলে জানান তিনি।

তিনি বলেন, “যেহেতু বোয়িং ৭৭৭-৩০০ ইআর এর চেয়ে বোয়িং ৭৭৭-২০০ ইআর এ ১০০ টি আসন কম রয়েছে তাই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।”

বোয়িং ৭৭৭-৩০০ ইআর এর আসন সংখ্যা ৪১৯।

সাত বছর বন্ধ থাকার পরে চালু হওয়া চলতি বছরের ৩১ মার্চ চালু হওয়া ফ্রাঙ্কফুট রুটটিও হজের তিনমাস বাতিলের একটি সম্ভাবনা রয়েছে বলে জানান বিমানের ওই কর্মকর্তা।

“রুটটিকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। কয়েক মাসের মধ্যে যদি আশানুরূপ ফল না পাওয়া যায় তাহলে এ রুটটিও বন্ধ করে দেয়া হতে পারে।”

বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, বিমানের বর্তমান বহরে ৪টি নিজস্ব বোয়িং ৭৭৭-৩০০ ইআর, দুটি বোয়িং ৭৩৭, দুটি এয়ারবাস এ-৩১০ এবং দুটি ভাড়ায় আনা বোয়িং ৭৭৭-২০০ ইআর উড়োজাহাজ রয়েছে।

এর মধ্যে বোয়িং ৭৭৭-৩০০ ইআর উড়োজাহাজগুলো ব্যবহার করা হবে আগামী ২৭ অগাস্ট থেকে শুরু হতে যাওয়া হজ ফ্লাইটের জন্য।

নিয়মিত ফ্লাইটে কাটছাট করে হজ ফ্লাইটের মতো বিশেষ অপারেশন শুরু করাকে `পরিকল্পনাহীনতা‘ হিসেবেই দেখছেন বিমান পরিচালনা পর্ষদের সাবেক সদস্য এভিয়েশন বিশেষজ্ঞ কাজী ওয়াহেদুল আলম।

“নিয়মিত ফ্লাইট বন্ধ করে স্পেশাল ফ্লাইট চালানোর নজির পৃথিবীর কোন দেশেই নেই। একটি প্রতিষ্ঠানে বিন্দুমাত্র পেশাদারিত্ব না থাকলেই কেবল তারা এ ধরনের একটি সিদ্ধান্ত নিতে পারে।”

তিনি বলেন, “একটি রুটে ফ্লাইট চালু করতে দীর্ঘদিন অপেক্ষা করতে হয়, অনেক বিনিয়োগও করতে হয়। সেখানে হুট করে একটি রুট বন্ধ করে দিলে আর্থিক ক্ষতির পাশাপাশি বিমান ভাবমূর্তি সংকটেও পড়বে। বিমানের প্রতি যাত্রীদের আস্থাহীনতা তৈরি হবে।

“প্রতিবছর একটি নির্দিষ্ট সময়ে হজ অপারেশনস অনুষ্ঠিত হয়। কতোজন হজে যাবে, কবে থেকে যাবে তাও প্রায় এক বছর আগে থেকে ঠিক করা থাকে। তারপরেও কেন প্রতিবছর কোনো পরিকল্পনা ছাড়া এ ধরনের সিদ্ধান্ত নেয়া হয়, এটি আমার কাছে বোধগম্য নয়।”

এভাবে হজ ফ্লাইট পরিচালনা করলে বিমানকে দীর্ঘ মেয়াদে ক্ষতির সম্মুখীন হতে হবে বলেও মনে করছেন কাজী ওয়াহেদুল।

হজ যাত্রী পরিবহনের কোনো তৃতীয় বিমান সংস্থাকে (থার্ড কেরিয়ার) অন্তর্ভুক্ত না করে গত তিন বছর ধরে হজ ফ্লাইট পরিচালনা করছে বাংলাদেশ ও সৌদি আরব সরকার।

বাংলাদেশের পক্ষে বিমান ও সৌদি আরবের পক্ষে সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্স ও নাস এয়ার এই দায়িত্ব পালন করছে।