হিলি বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ
ভারত থেকে আমদানি করা পণ্যের ম্যানিফেস্টে (পরিমাণ তালিকা) দিন-ক্ষণ বসিয়ে বিজিবির সিল দেয়া ও রেজিস্ট্রারে তালিকাভুক্ত কার্যক্রম বন্ধের দাবিতে দিনাজপুরের হিলি স্থল বন্দরে আমাদানি রপ্তানি বন্ধ করেছে দিয়েছে ব্যবসায়ীরা।
সিঅ্যান্ডএফ এজেন্ট ও আমদানি-রপ্তানিকারকদের ডাকা ধর্মঘটের দ্বিতীয় দিন বৃহস্পতিবার বেলা ১১টার দিকে হিলি শুল্ক স্টেশনের সামনে মানববন্ধন করেছে ওই বন্দরের ব্যবসায়ীররা।
বাংলাহিলি সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আব্দুর রহমান লিটন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আমাদানি-রপ্তানি কার্যক্রম বন্ধের পাশপাশি হিলি পানামা পোর্ট এবং বন্দর এলাকার অন্যান্য গোডাউনে সব ধরনের মালামাল ওঠা-নামাও বন্ধ রাখা হয়েছে।
তিনি অভিযোগ করেন, এর ফলে বন্দরে আমদানি রপ্তানি কার্যক্রমে সময়ক্ষেপন হচ্ছে এবং ব্যবসায়ীরা হয়রানির শিকার হচ্ছে।
ব্যবসায়ীদের দাবি, আমদানি করা পণ্যের ম্যানিফেস্টে সিল দেয়া এবং বিভিন্ন চেক পোস্টে কাগজপত্র দেখার নামে বিজিবির হয়রানি এবং সিঅ্যান্ডএফ এজেন্টসহ আমদানিকারকদের না জানিয়ে মামলা করা বন্ধ করতে হবে।
বন্দরের রাজস্ব কর্মকর্তা মনিরুজ্জামান বলেন, একদিন বন্দরের কার্যক্রম বন্ধ থাকলে প্রায় এক কোটি টাকার রাজস্ব থেকে সরকার বঞ্চিত হচ্ছে।
