টাঙ্গাইলে বাংলালিংকের থ্রি জি
টাঙ্গাইলে থ্রি জি সেবা চালু করেছে বাংলালিংক।
কোম্পানির ময়মনসিংহের রিজিওনাল কমার্শিয়াল হেড আসিফুজ্জামান খান মঙ্গলবার এই সেবা উদ্বোধন করেন বলে বাংলালিংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এতে বলা হয়, “বাংলালিংক বাংলাদেশের টেলিযোগাযোগ প্রযুক্তির নিত্যনতুন সেবা প্রবর্তনে ভূমিকা রাখছে। প্রতিশ্রুতি অনুযায়ী উন্নত মানের সেবা দিতেই টাঙ্গাইলে উদ্বোধন করা হয়েছে থ্রিজি সেবা।”
বাংলালিংকের থ্রি জি গ্রাহকরা ভিডিও কলও করতে পারবেন।
গত বছর অক্টোবরে বাণিজ্যিকভাবে থ্রি জি-এর যাত্রা শুরুর পর ঢাকা, খুলনা, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, সিলেট ও ময়মনসিংহে তা চালু করে বাংলালিংক।
এরপর টাঙ্গাইলে থ্রি জি চালু হল। এই উপলক্ষে জেলা শহরে আয়োজিত শোভাযাত্রায় উপস্থিত ছিলেন টাঙ্গাইল পৌরসভার মেয়র শহীদুর রহমান খান মুক্তি, বাংলালিংকের পি আর এন্ড কমিউনিকেশন অ্যাসোসিয়েট ম্যানেজার (মার্কেটিং) ইফতেখার আযম শাফিন প্রমুখ।
২ কোটি ৯০ লাখ গ্রাহক নিয়ে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম মোবাইল ফোন অপারেটর হল বাংলালিংক।
