বিদ্যুতের অভাবে বেনাপোল বন্দরে কার্যক্রম ব্যাহত
বেনাপোল স্থলবন্দরে বিদ্যুৎ সরবরাহ কমে যাওয়ায় আমদানি-রপ্তানি কার্যক্রম ব্যাহত হচ্ছে।
দিনের অধিকাংশ সময়ই বিদ্যুৎ থাকে না এখানে। তাই বাধ্য হয়েই জেনারেটর দিয়ে কাজ চালাতে হচ্ছে। এছাড়া বিদ্যুতের ঘন ঘন আসা-যাওয়ার কারণে কম্পিউটারের অনেক তথ্য নষ্ট হয়ে যাচ্ছে সার্ভার থেকে, বিকল হচ্ছে মূল্যবান যন্ত্রপাতি।
বেনাপোল শুল্কভবনের সহকারী কমিশনার সাধন কুমার কুন্ডু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বেনাপোল শুল্কভবনের পণ্য খালাসে কম্পিটারাইজড পদ্ধতি অনুসরণ করায় বিদ্যুৎ ছাড়া কোনোভাবেই কাজকর্ম পরিচালনা করা সম্ভব নয়।
বিদ্যুৎ না থাকায় শুল্কভবন ও বন্দরের সকল কাজ এখন জেনারেটরে চলছে। এটি দিয়েও কাজ চালানো কঠিন হয়ে পড়েছে।
“বিদ্যুৎ বিভ্রাটের কারণে ইতোমধ্যেই শুল্কভবনের মূল্যবান অনেক প্রিন্টার বিকল হয়ে গেছে। মাঝেমধ্যে সার্ভারও নষ্ট হয়ে যাওয়ায় গুরুত্বপূর্ণ অনেক তথ্য মুছে যাচ্ছে,” বলেন সাধন কুমার।
অথচ এ বন্দরে এখনও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা যায়নি।
এ প্রসঙ্গে বেনাপোলের ব্যবসায়ীরা বলেন, বেনাপোলে বিদ্যুৎ যায় না, মাঝেমধ্যে আসে।
বেনাপোল স্থলবন্দরের পরিচালক (ট্রাফিক) তারিকুল ইসলাম বলেন, দেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোলে ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ থাকে না। অফিস সময়ে নিজস্ব জেনারেটর দিয়ে বন্দরের কাজ পরিচালনা করা দুরূহ হয়ে পড়ছে। বেনাপোল বন্দরকে আরও গতিশীল করতে হলে প্রথমেই বিদ্যুৎ সমস্যার সমাধান করতে হবে।
বেনাপোল কাস্টমস ক্লিয়ারিং এন্ড ফরোয়ার্ডিং এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি মফিজুর রহমান বলেন, দীর্ঘদিন ধরে তারা বিদ্যুৎ সমস্যার সমাধান চেয়ে আসছেন। বিদ্যুৎ না থাকায় দিনে ও রাতে সমানভাবেই তারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-১ শার্শা জোনের ডিজিএম বিপুল কৃষ্ণ মন্ডল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বেনাপোল বন্দরের জন্য একটি পৃথক বিদ্যুৎ লাইন স্থাপনের কাজ চলছে। বেনাপোলের কাগমারি এলাকায় বিদ্যুতের একটি পৃথক সাব-স্টেশন স্থাপন করা হচ্ছে। যশোর থেকে বেনাপোলের জন্য আনা হচ্ছে পৃথক লাইন।
আগামী দুই মাসের মধ্যেই বেনাপোল বন্দরের বিদ্যুৎ সমস্যার সামধান হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
