২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হল-মার্কের আরো ১ প্রতিষ্ঠানের বিরুদ্ধে সোনালী ব্যাংকের মামলা

প্রায় ৩০ কোটি টাকা পাওনা আদায়ে ঋণ কেলেঙ্কারির দায়ে অভিযুক্ত হল-মার্ক গ্রুপের  প্রতিষ্ঠান ববি ফ্যাশনের বিরুদ্ধে মামলা করেছে সোনালী ব্যাংক।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Apr 2014, 01:41 PM

Updated : 22 Aug 2022, 06:00 PM

সোনালী ব্যাংকের রূপসী বাংলা করপোরেট শাখার কর্মকর্তা আব্দুস সালাম মঙ্গলবার ঢাকার ১ নম্বর অর্থঋণ আদালতে এ মামলা দায়ের করেন বলে আদালতের পেশকার মজিবুর রহমান জানান।

মামলায় হল-মার্ক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তানভীর মাহমুদ ও চেয়ারম্যান জেসমিন ইসলামকেও বিবাদি করা হয়েছে। এরা দুজন ববি ফ্যাশনেরও এমডি ও চেয়ারম্যান।

মামলায় বিবাদিদের বিরুদ্ধে ৩০ কোটি ৪০ লাখ ৬৩ হাজার ৯৯৯ টাকা ঋণ খেলাপির অভিযোগ আনা হয়েছে।

এই আদালতেই গত মার্চ মাসে হল-মার্ক এবং এর বিভিন্ন  প্রতিষ্ঠানের বিরুদ্ধে অন্তত ১০টি মামলা হয়েছে বলে পেশকার মজিবুর রহমান জানিয়েছেন।

এই মামলায় সোনালী ব্যাংকের পক্ষে আইনজীবী হিসেবে রয়েছেন কেপি ভোমিক।

হল-মার্ক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তানভীর মাহমুদ দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বর্তমানে কারাগারে আছেন।